লালমনিরহাটকে মাদকমুক্ত, বাল্যবিবাহ ও যৌতুকমুক্ত, পরিচ্ছন্ন এবং নিরাপদ জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে যাত্রা শুরু করেছে ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক আন্দোলন। রোববার বেলা ১১টার দিকে র্যালিতে নেতৃত্ব দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
লালমনিরহাটের রেলওয়ে সোহরাওয়ার্দী মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ ও কুলাঘাট ইউনিয়ন অতিক্রম করে বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ে গিয়ে র্যালিটি শেষ হয়। সামাজিক অবক্ষয় রোধে জনসচেতনতা তৈরির এ আয়োজনে অংশ নেন ‘আলোকিত লালমনিরহাট’-এর স্বেচ্ছাসেবীরা।
র্যালিতে অংশগ্রহণকারীদের ব্যানার ও স্লোগানে মাদকমুক্ত, বাল্যবিয়েমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয় উঠে আসে। এ সময় জেলা প্রশাসন ও জেলা পুলিশও একই প্রত্যয় ব্যক্ত করে।
আয়োজকদের মতে, মাদকাসক্তি, বাল্যবিয়ে ও সামাজিক অপরাধ ব্যক্তি ও পরিবারের পাশাপাশি সমাজের সামগ্রিক উন্নয়নেও বাধা সৃষ্টি করে। তাই এসব অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনসহ সবাইকে এগিয়ে আসতে হবে।
আগামী ১৯ নভেম্বর ‘আলোকিত লালমনিরহাট’-এর কর্মসূচি দেখতে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সামাজিক অপরাধ দমনের এই কর্মসূচি সারা দেশে ছড়িয়ে দেওয়ার আগে প্রধানমন্ত্রী তা পরিদর্শন করবেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
সচেতনতাই পারে সামাজিক অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে। এমন আয়োজনের মধ্য দিয়ে লালমনিরহাটে মাদক, বাল্যবিবাহ ও অপরাধমুক্ত সমাজ গড়ে উঠবে—এমনটাই প্রত্যাশা আয়োজক ও অংশগ্রহণকারীদের।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

