সমাবেশে বিএনপি নেতা জামাল

শেখ হাসিনা পালিয়েছে, খালেদা জিয়া পালাননি

জেলা প্রতিনিধি, ঝালকাঠি

শেখ হাসিনা পালিয়েছে, খালেদা জিয়া পালাননি

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বলেছেন, বিগত ১৭ বছর দেশের ব্যাংকগুলোকে লুটপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতারা।

ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়েছে শেখ হাসিনা কিন্তু খালেদা জিয়া কখনো পালাননি। মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের নেতারা ভারতে পালিয়ে গিয়েছিল। তখন জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার বিকালে ঝালকাঠির নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তৌহীদ আলম মান্নার সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জীবা আমিনা আল গাজী, ঝালকাঠি-২ আসনের সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ও জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু।

সমাবেশের প্রধান বক্তা মাহাবুবুল হক নান্নু বলেন খালেদা জিয়াকে কারাগারে পয়জন দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল শেখ হাসিনা। কিন্তু আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাইদুল কবির রানার সঞ্চালনায় জনসমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জেডআই কামাল, কেন্দ্রীয় যুবদলের সমাজকল্যাণ সম্পাদক জহিরুল ইসলাম সুমন প্রমুখ।

বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত, ৩১ দফা বাস্তবায়ন ও বর্তমানে দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দল। উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন