বরিশালের সৌন্দর্য ও আতিথেয়তায় মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

বরিশালের সৌন্দর্য ও আতিথেয়তায় মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত
ছবি: আমার দেশ

বরিশালের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ও মানুষের ভালোবাসায় মুগ্ধ হয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। প্রথমবারের মতো রোববার সকালে বরিশালে এসে নৌকা ও লঞ্চ ভ্রমণসহ ভাসমান বাজার ঘুরে দেখার অভিজ্ঞতার কথা সাংবাদিকদের কাছে তুলে ধরেন।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, বরিশাল খুব সুন্দর জায়গা। নৌকা ভ্রমণ তার ভীষণ পছন্দের। এ সময় মার্কিন রাষ্ট্রদূত বরিশালের অপরূপ সৌন্দর্যের প্রকাশ করতে গিয়ে বলেন, ধান, নদী ও খাল এই তিনে বরিশাল। বরিশাল ভ্রমণে এসে তিনি মুগ্ধ হয়েছেন। এটা বরিশালে তার প্রথম সফর। তিনি বলেন, ঢাকা থেকে বরিশাল এসে আমি ভাসমান বাজার ভ্রমণ করেছি। আপনাদের সবার সঙ্গে পরিচিত হতে পেরে ভালো লেগেছে। বরিশাল শহরের সৌন্দর্যের প্রশংসা করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, শহরটি খুবই সুন্দর। বরিশালের মানুষের আন্তরিকতায় আমি মুগ্ধ হয়েছি।

বিজ্ঞাপন

এদিকে, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের বরিশাল আগমন উপলক্ষে রোববার দুপুরে বরিশাল প্রেসক্লাবের উদ্যোগে লঞ্চ ভ্রমণের রের আয়োজন করা হয়। এসময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ, বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বরিশালের বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ঘনিষ্ঠ। দুই দেশের অর্থনৈতিক সম্পর্কও ঘনিষ্ঠ। মার্কিন রাষ্ট্রদূত বরিশালে আসায় তারা আনন্দিত। তিনি আশা প্রকাশ করেন, রাষ্ট্রদূত ভবিষ্যতেও বারবার বরিশালে আসবেন।

এর আগে সকালে বরিশালের ঐতিহ্যবাহী মিয়াবাড়ি মসজিদ পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত। বেলা সাড়ে ১১টার দিকে তিনি বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নে অবস্থিত প্রাচীন এই মসজিদে যান। মসজিদের ভেতরে প্রবেশ করে স্থাপত্য ও সৌন্দর্য ঘুরে দেখেন তিনি। মিয়াবাড়ি মসজিদ পরিদর্শনের আগে মসজিদসংলগ্ন উত্তর কড়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ সময় তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে পাঠদান কার্যক্রম দেখেন এবং শিক্ষার পরিবেশ সম্পর্কে খোঁজ নেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় তার সঙ্গে ছিলেন।

বরিশালে আসার আগে মার্কিন রাষ্ট্রদূত ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাজার ও পেয়ারা বাগান ঘুরে দেখেন। সেখানে তিনি নৌকায় করে ভাসমান বাজার ঘুরে দেখেন এবং স্থানীয় মানুষের জীবনযাপন ও বরিশাল অঞ্চলের ঐতিহ্যবাহী পেয়ারা চাষ সম্পর্কে ধারণা নেন। বরিশাল সফরের বিভিন্ন পর্যায়ে স্থানীয় ঐতিহ্য, শিক্ষা ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি নদী ও নৌকাকেন্দ্রিক জীবনযাত্রা দেখার সুযোগ পান মার্কিন রাষ্ট্রদূত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন