গৃহিণী হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন

গৃহিণী হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন

পিরোজপুরের গৃহিণীকে হত্যার দায়ে জেলা ও দায়রা জজ আদালত তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্তরা হলেন—জেলার মঠবাড়িয়া উপজেলার সাফা গ্রামের মৃত আ. রাজ্জাক সিকদারের ছেলে রাজু সিকদার, বরিশালের বানারীপাড়া উপজেলার মলুহার গ্রামের কাঞ্চন ঘরামীর ছেলে মো. ইমরান ও মেয়ে জোস্না বেগম।

সোমবার দুপুরে পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এ রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত জোস্না পিরোজপুরের নেছারাবাদ উপজেলার রাহুতকাঠী গ্রামে মো. বেল্লাল আকনের বাসায় কাজ করতেন। দণ্ডপ্রাপ্ত রাজু জোস্নার স্বামী পরিচয়ে প্রায়ই ওই বাসায় যেতেন। ২০১৮ সালের ২৪ নভেম্বর জোস্নার সঙ্গে বেল্লালের স্ত্রী মাকসুদা বেগমের কথাকাটাকাটি ও মনোমালিন্য হয়। সেই প্রতিশোধ নিতে ২৫ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে রাজু ও জোস্নার ভাই ইমরান ওই বাড়িতে ঢুকে মাকসুদাকে এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করে পালিয়ে যান।

প্রতিবেশীরা তাকে রক্তাক্ত অবস্থায় নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ওই তিনজনকে আসামি করে নেছারাবাদ থানায় মামলা হয়। আদালতে সাক্ষ্যপ্রমাণে দোষী সাব্যস্ত হওয়ায় আদালত তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

রাষ্ট্র পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আকন বলেন, গৃহিণী মাকসুদা হত্যার সাথে তিনজন জড়িত ছিলো এবং আদালত তিনজনকেই তাদেও প্রাপ্য সাজা দিয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন