জুলাইয়ের অর্জন বাক্সবন্দি নয়, উন্নয়নে কাজে লাগাতে হবে: সুলতানা জেসমিন জুঁই

জুলাইয়ের অর্জন বাক্সবন্দি নয়, উন্নয়নে কাজে লাগাতে হবে: সুলতানা জেসমিন জুঁই

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁই বলেছেন, “জুলাই আমাদের অর্জন। আমরা চাইলে এই অর্জন বাক্সবন্দি করে রাখতে পারি, আবার চাইলে জুলাইয়ের চেতনা ধারণ করে দেশের সার্বিক উন্নয়নও করতে পারি। আসুন, সবাই ঐক্যবদ্ধ হই। জুলাই আন্দোলনের মূল লক্ষ্য বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলব।”

বিজ্ঞাপন

বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় পিরোজপুরের নাজিরপুর উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুলতানা জেসমিন জুঁই বলেন, “আমি চাই নাজিরপুর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে। অতীতে এলজিইডির বিভিন্ন প্রকল্পে দুর্নীতির কারণে পিরোজপুরের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। আমরা সেই কলঙ্ক থেকে বেরিয়ে আসতে চাই। নাজিরপুর আমার নিজের এলাকা। এখানে আমার বাবার কবর, পরিবার ও আত্মীয়স্বজন রয়েছেন। তাই এই উপজেলাকে নিয়ে আমার অনেক স্বপ্ন। আমি এখানেই থাকতে চাই, এখানেই কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, “অতীতের ভুলত্রুটি ভুলে সামনে কীভাবে উপজেলার উন্নয়ন করা যায়, সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এলাকার ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কারে সবার সহযোগিতা প্রয়োজন।”

উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “নাজিরপুরের উন্নয়নে আপনারা আন্তরিকভাবে সহযোগিতা করবেন। উপজেলার কোথায় কী সমস্যা রয়েছে, তা আপনারাই সবচেয়ে ভালো জানেন। উন্নয়ন হলে একদিন গর্ব করে বলতে পারবেন, এই উপজেলায় আপনারাও দায়িত্ব পালন করেছিলেন।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া শাহনাজ তমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী নাজিরপুর উপজেলা আমির মাওলানা মো. আব্দুর রাজ্জাক। আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাওহীদুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান এবং নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপির উদ্যোগে র‌্যালি ও সমাবেশ

একই দিন জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মিজানুর রহমান দুলালের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু হাসান খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁই। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম লিটন, যুগ্ম আহ্বায়ক রফিক ফরাজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিয়াজ ফরাজী এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম শামিম হাসানসহ অন্যান্য নেতারা।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠায় দলীয় নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখারও আহ্বান জানান তারা।

সমাবেশে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন