ভোলায় মেডিকেল কলেজ, সেতু নির্মাণ ও গ্যাসের দাবিতে সমাবেশ

ভোলায় মেডিকেল কলেজ, সেতু নির্মাণ ও গ্যাসের দাবিতে সমাবেশ

ভোলার গ্যাস ভোলায় বিতরণ, মেডিকেল কলেজ স্থাপন, বরিশাল থেকে ইলিশা পর্যন্ত সেতু নির্মাণের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার ভোলার বাংলা স্কুল মাঠে ‘আগামীর ভোলা’ ব্যানারে হাজার হাজার ভোলাবাসীর উপস্থিতিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সমাবেশে ‘আগামীর ভোলার’ প্রধান সমন্বয়ক মীর মোহাম্মদ জসিম বলেন, ভোলার ৩০ লাখ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য একটি মেডিকেল কলেজ স্থাপন করা ভোলার মানুষের প্রাণের দাবি। ১০০ শয্যার হাসপাতালের জনবল দিয়েই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি। সামান্য সমস্যা দেখা দিলেই রোগীকে পাঠিয়ে দেয়া হচ্ছে বরিশাল ও ঢাকায়। দায়মুক্ত হচ্ছেন চিকিৎসকরা। এ যেন এক মরার উপর খারাপ ঘা।

এদিকে বাপেক্সের হিসেব মতে ভোলায় ৭ টিসিএফ গ্যাস মৌজুদ রয়েছে। নামে মাত্র ২৩৩৫টি আবাসিক সংযোগ দেয়া হয়েছে। অথচ দৈনিক ৭ মিলিয়ন ঘনফোট গ্যাস উত্তোলন করা হয়। যা বোতলজাত করে ভোলার বাহিরে বিক্রি করা হচ্ছে। অথচ ভোলার মানুষ ভোলার গ্যাস ব্যবহার করতে পারছে না। এই স্বৈরাচারী বৈষম্য নিরসন হওয়া একান্ত দরকার। আমাদের গ্যাস আমরা ব্যবহার করতে পারব না এটা মেনে নেয়ার কোন সুযোগ নেই।

অপরদিকে ভোলার ৩০ লাখ মানুষের বাংলাদেশের যে কোন জায়গার সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম নদীপথ। ঝড়- জ্বলোচ্ছ্বাসের এই দ্বীপে বর্ষার মৌসুমে লঞ্চ দুর্ঘটনায় হাজারো মানুষের প্রাণহানি হয়েছে। এরকম ঘটনার শেষ নেই। সরকারের একটু সু-দৃষ্টি হলেই ভোলা-বরিশাল ১টি অথবা ২টি সেতুর মাধ্যমে ভোলাকে দেশের মূল ভূ-খণ্ডের সাথে সড়ক পথে সংযোগ করতে পারে। এক্ষেত্রে আমরা বর্তমান সরকারের সদিচ্ছার দাবি জানাই।

মীর মোহাম্মদ জসিমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা পৌর আমির জামাল উদ্দিন, বিজেপির সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ, ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মোবাশ্বিরুল হক নাঈম, শহীদ জিয়া আদর্শ গার্লস স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ খালেদা খানম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এনামুল হকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে ৩ দাবি সম্বলিত স্মারকলিপি ভোলা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর প্রেরণ করা হয়।

সমাবেশে জেলা সদর ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার ছাত্র-জনতা যোগ দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন