পরিচয় গোপন রেখে ২৭ বছর ভারত ও কুয়েতে আত্মগোপনে থেকে খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের ঘনিষ্ঠ সহযোগী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জয়নাল সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র্যাব-৮ তাকে গ্রেপ্তার করছেন। তিনি বরিশালের গৌরনদী উপজেলার বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে।
রোববার দুপুরে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, র্যাব-৮ ও ৬ শনিবার দিবাগত রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় অভিযান চালায়। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
১৯৯৯ সালে খুলনা জেলার রূপসা থানায় তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলায় আদালতের বিচারক জয়নাল সরদারকে হত্যার অপরাধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সাথে লাশ গুমের অপরাধে পৃথকভাবে আরো পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডসহ ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, চাঞ্চল্যকর এ হত্যা মামলায় খুনি এরশাদ শিকদারের ফাঁসি হয়েছিল। সেই একই মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি তিনি।
বরিশাল র্যাব-৮-এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার ওয়ালিদ হাসান মিঠু জানান, গ্রেপ্তারকৃত আসামি জয়নাল সরদারকে রোববার খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

