আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিএনপি প্রার্থীর শিষ্টাচার বহির্ভূতপোস্টার

মেহেন্দিগঞ্জে জামায়াত আমিরের সমাবেশস্থলে নেতাকর্মীদের ভিড়

বরিশাল অফিস

মেহেন্দিগঞ্জে জামায়াত আমিরের সমাবেশস্থলে নেতাকর্মীদের ভিড়
ছবি: আমার দেশ

বরিশালের মেহেন্দিগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান অল্প কিছুক্ষণের মধ্যেই মেহেন্দিগঞ্জ পৌঁছাবেন। আজ বেলা ১১টায় বরিশাল-৪ আসনের মেহেন্দিগঞ্জ সরকারি পাতারহাট আরসি কলেজ মাঠে প্রধান অতিথির বক্তৃতা করবেন।

মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. শহিদুল ইসলাম জানান, নির্বাচনি সমাবেশে যোগ দিতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন নেতাকর্মীরা। ইতিমধ্যে নেতাকর্মীদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে উঠছে মেহেন্দিগঞ্জ আরসি কলেজ মাঠ।

বিজ্ঞাপন

নির্বাচনের সমাবেশ ঘিরে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সেনাবাহিনী ও বিজিবির পাশাপাশি বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে সমাবেশস্থলে।

জামায়াতের এই সমাবেশ উপলক্ষে প্রশাসনের পাশাপাশি দলটির নেতাকর্মীরাও সতর্ক অবস্থায় রয়েছেন । দলীয় প্রধানের সমাবেশকে কেন্দ্র করে উজ্জীবিত হয়ে উঠছেন নেতাকর্মীরা। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে এর প্রভাব পড়বে বলেও মনে করছেন তারা।

এদিকে বাংলাদেশ জামায়েত ইসলামীর এ সমাবেশের দুই দিন আগে হঠাৎ করে আরসি কলেজ মাঠ ও তার আশপাশ এলাকা ছেয়ে গেছে ধানের শীষের ফেস্টুন ও ব্যানারে। বরিশাল-৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রাজিব আহসানের ছবি ও প্রতীক সংবলিত ব্যানার ও ফেস্টুন লাগানো হয়েছে মাঠের চারদিকে এবং সমাবেশস্থলের আশপাশের পথে।

দেখলে মনে হয়, সেখানে জামায়াতের নয়, বিএনপির কোনো সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিষয়টিকে গায়ে পড়ে সংঘর্ষ লাগাতে আসা বলে মন্তব্য করছেন স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

তারা বলেন, এটি রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কাজ। আমাদের নেতার আগমনে আমরা শুভেচ্ছা বিলবোর্ড দিতে পারি। সেখানে উল্টো প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থীর সমর্থকেরা তাদের ফেস্টুন ও ব্যানার দিয়ে এমনভাবে ঢেকে ফেলেছেন, যেন আমরা এখন কিছু সাঁটাতে গেলে তারা সেটা নিয়ে নোংরা রাজনীতি করতে পারে।

জামায়াতে ইসলামীর বরিশাল-৪ আসনের মিডিয়া বিভাগের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম ইউসুফ ক্ষোভ প্রকাশ করে বলেন, ন্যূনতম রাজনৈতিক শিষ্টাচার থাকলে এহেন কাজ কোনো রাজনৈতিক দল করতে পারে না। যেখানে একটি রাজনৈতিক দলের প্রধান আসবেন। সেই মাঠের আশপাশে অন্য প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের ব্যানার-ফেস্টুন এভাবে টানানো কোন লেভেলের শিষ্টাচার?

মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শহিদুল ইসলাম বলেন, এটি অত্যন্ত দুঃখজনক। তাদের উচিত ছিল আমাদের দলীয় প্রধানের আগমন অনুষ্ঠানে সহযোগিতা করা। উল্টো তারা এখানে পায়ে পাড়া দিয়ে আমাদের সঙ্গে ঝামেলা করতে চাইছেন। এ আচরণ অগণতান্ত্রিক।

এমন দল যদি ক্ষমতায় আসে, তাহলে তারা জনগণের সঙ্গে কেমন আচরণ করবে এটি তার একটি নমুনা। এ ব্যাপারে বিএনপি প্রার্থীর একাধিক সমর্থকের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো বক্তব্য দিতে রাজি হননি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন