আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কক্সবাজার-৪ আসনে দাঁড়িপাল্লার পথসভা

আমি প্রতিশোধের রাজনীতি করতে আসিনি: নুর আহমেদ আনোয়ারী

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

আমি প্রতিশোধের রাজনীতি করতে আসিনি: নুর আহমেদ আনোয়ারী

কক্সবাজার জেলার উখিয়া-টেকনাফ আসনে (কক্সবাজার-৪) জামায়াত মনোনীত ১১দলীয় ঐক্যজোটের সংসদ সদস্য প্রার্থী নুর আহমেদ আনোয়ারী বলেছেন, মজলুম ও নির্যাতিত মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দীর্ঘদিনের বৈষম্যের অবসান ঘটানোর লক্ষ্যেই তার সামাজিক ও রাজনৈতিক আবির্ভাব। উখিয়া-টেকনাফের মানুষ মিথ্যা মামলা ও জুলুমের অবসান চায়৷

গতকাল বৃহস্পতিবার বিকেলে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়া এলাকায় আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

নুর আহমেদ আনোয়ারী বলেন, এই এলাকার সাধারণ মানুষ গত ১৭ মাস ধরে জুলুম, অবহেলা ও বঞ্চনার শিকার হয়ে আসছে। বহু নিরপরাধ মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা কায়েম করতেই তার এই পথচলা।

অনুষ্ঠান শেষে নুর আহমেদ আনোয়ারী বলেন, ‘ইনসাফ প্রতিষ্ঠা ছাড়া সমাজে প্রকৃত শান্তি কখনো আসবে না। আল্লাহর ওপর ভরসা রেখে মজলুম মানুষের পাশে থেকেই আমি সামনে এগিয়ে যেতে চাই।’

এ সময় তিনি একটি মহলের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ফ্যামেলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ভোট আদায়ের অপচেষ্টা চালানো হচ্ছে। বাস্তবে এটি নতুন ধরনের চাঁদাবাজির ফাঁদ। গরিব ও অসহায় মানুষের নাম তালিকাভুক্ত করার কথা বলে তাদের রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে, যা সম্পূর্ণ অনৈতিক ও অন্যায়। তিনি এ ধরনের প্রতারণামূলক রাজনীতির বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নুরুল হক, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, জামায়াত নেতা ও সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার, এবি পার্টির সভাপতি সৈয়দ হোসেন চৌধুরী, উপজেলা ছাত্রশিবির সভাপতি সাইফুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...