বিএনপি নেতা ও ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম বলেছেন, জনগণের অধিকার হরণ হবে আগামীতে এমন শাসনব্যবস্থা আমরা চাই না। আওয়ামী লীগ গত ১৫ বছর দেশে দ্বিতীয় বাকশাল কায়েম করে মানুষের অধিকার হরণ করেছে। এর থেকে দেশকে মুক্ত করতে হলে জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে হবে।
রোববার দুপুরে চরফ্যাশনের জনতাবাজার শহিদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের এইচএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাজিম উদ্দিন আলম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। হাসিনা সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। দেশে যখন জনগণের মূল্য থাকে না তখন সরকার স্বৈরাচার হয়ে যায়।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মনে রাখতে হবে এ দেশের মালিক হচ্ছে জনগণ। জনগণের অধিকার হরণ করবে আগামীতে এ ধরনের শাসন ব্যবস্থা আমরা চাই না।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের ৩১দফা ঘোষণা করেছেন। ৩১দফা বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে উঠবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বিএনপির সাবেক উপজেলা সিনিয়র সহসভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, জনতাবাজার শহিদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইউনুছ শরীফ, যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী, সাবেক সম্পাদক শহিদুল ইসলাম দুলাল, সাবেক দপ্তর সম্পাদক রফিক আছলামী ও ওসমানগঞ্জ বিএনপির সাবেক সভাপতি মন্নান মিয়া।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

