আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চরফ্যাশনে মাদকসংক্রান্ত বিরোধে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

উপজেলা প্রতিনিধি, (চরফ্যাশন) ভোলা

চরফ্যাশনে মাদকসংক্রান্ত বিরোধে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

ভোলার চরফ্যাশন উপজেলার শশিভূষণ থানাধীন রসুলপুর ইউনিয়নে মাদকসংক্রান্ত বিরোধের জেরে আব্দুর রহিম ভূট্টু সৈয়াল (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাত ৯টা ৩০ মিনিটে রসুলপুর ইউনিয়নের কলের হাট রাস্তার মাথায় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকা সূত্রে জানা গেছে, নিহত ভূট্টু সৈয়ালের মেঝো ছেলে আমির হোসেন স্থানীয় এক ব্যক্তি বেল্লালের কাছে মাদক কেনার জন্য শুক্রবার ৪ হাজার টাকা দেন। পরদিন শুক্রবার রাতে বেল্লাল ফোন করে আমির হোসেনকে আমতলী নামক নির্জন স্থানে ডেকে নেয়। সেখানে লতিফ মাঝির ছেলে বেল্লাল, কোব্বত আলী মাঝির ছেলে সম্রাট এবং আমজাদ উপস্থিত ছিলেন। মাদক সরবরাহ না করায় আমির হোসেন টাকা ফেরত চাইলে তাকে রাত ১০টা ২০ মিনিটে বেদম মারধর করা হয়। পরে স্থানীয়রা আহত আমির হোসেনকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে আমির হোসেনের বাবা আব্দুর রহিম ভূট্টু সৈয়াল অভিযুক্তদের গালিগালাজ করেন বলে জানা যায়। এর জেরে শনিবার রাতে কলের হাট রাস্তার মাথায় তাকে পিছন দিক থেকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আব্দুর রহিম ভূট্টু সৈয়ালকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক ডা. আশরাফুল ইসলাম সুমন জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

এদিকে নিহত ব্যক্তির মেয়ে চরফ্যাশন হাসপাতালে কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার বাবাকে যারা হত্যা করেছে, আমি তাদের ফাঁসি চাই। এরা ৫ আগস্টের পর, আমার বাবার কাছ থেকে নিয়মিত চাঁদা নিতো।

শশিভূষণ থানার অফিসার ইনচার্জ ফখরুল ইসলাম জানান, মাদক নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন