পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুকে মা-শিশুকে মারধরের অভিযোগে এবং কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমানকে দলীয় কার্যালয়ে সালিশের নোটিস দেওয়ার অভিযোগে সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।
বুধবার পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটনের স্বাক্ষরিত পৃথক দুটি চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
জেলা বিএনপির চিঠিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সাংগঠনিক স্বার্থের পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে এ দুই নেতার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। দলের ভাবমূর্তি রক্ষা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থেই তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নু তালুকদারের বিরুদ্ধে চুরির অপবাদে মা ও শিশুকে আটকে রেখে মারধরের অভিযোগ আছে। অপরদিকে আদালতে বিচারাধীন ও নিষেধাজ্ঞা বহাল থাকা জমিসংক্রান্ত বিরোধে দলীয় কার্যালয়ে সালিশের জন্য নোটিস দেওয়ার অভিযোগে কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদারের বিরুদ্ধে।
দুই নেতার পদ স্থগিতের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে কলাপাড়া উপজেলা ও কুয়াকাটা পৌর বিএনপির রাজনীতিতে নতুন আলোচনা তৈরি হয়েছে। তবে পদ স্থগিতের পর দলীয়ভাবে পরবর্তী কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

