ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে আহত ৫

ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে আহত ৫

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ‘ইউরো স্টার লাইন’ পরিবহনের একটি এসি বাস সড়কের পাশে খাদে উল্টে পাঁচজন বাসযাত্রী গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী এলাকায় নির্মাণাধীন মডেল মসজিদের পাশে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে নিকটস্থ গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশালের দিকে ছেড়ে আসা ইউরো স্টার লাইন পরিবহনের বাসটি আশোকাঠী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি উল্টে খাদে পড়ে যায়। বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হলেও অন্তত পাঁচজন যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

গৌরনদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে কাজ শুরু করেছে। রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন