উজিরপুরে ভিটেমাটি দখল করে বিধবা নারীকে এলাকাছাড়া

উজিরপুরে ভিটেমাটি দখল করে বিধবা নারীকে এলাকাছাড়া

বরিশালের উজিরপুরে স্বামীর রেখে যাওয়া বসতভিটা দখল, নির্যাতন ও হুমকি দিয়ে নাছিমা বেগম (৫০) নামে এক বিধবা নারীকে এলাকা ছাড়তে বাধ্য করা হয়েছে। বর্তমানে তিনি পাশের একটি গ্রামে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়ে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। ঘটনাটি ঘটেছে উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ভরশাকাঠী গ্রামে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাছিমা বেগমের স্বামী আনোয়ার সিকদার প্রায় তিন মাস আগে মারা যান। এর পর থেকেই স্বামীর রেখে যাওয়া সম্পত্তি নিয়ে তার দেবর রফিকুল ইসলাম সিকদার, জা খুকু মণি ও মেজো দেবরের ছেলে শাওন সিকদারের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

নাছিমা বেগম অভিযোগ করে বলেন, স্বামী মারা যাওয়ার পরপরই তাকে ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য বিভিন্নভাবে চাপ দেওয়া হয়। জমিতে চাষাবাদে বাধা, গভীর রাতে ঘরের ওপর ঢিল ছোড়া এবং নানা ধরনের মানসিক ও শারীরিক হয়রানি করা হয়েছে। একপর্যায়ে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালিয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরো অভিযোগ করেন, তার কাছ থেকে একটি সাদা কাগজে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার চেষ্টা করা হয় এবং ২৪ ঘণ্টার মধ্যে এলাকা ছেড়ে না গেলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি শেষ পর্যন্ত রাতের অন্ধকারে বসতভিটা ছেড়ে চলে যেতে বাধ্য হন। তার অভিযোগ, সরকারি সহায়তায় পাওয়া ঢেউটিন, আসবাবপত্রসহ বিভিন্ন মালামালও নিয়ে যাওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে শাওন সিকদার বলেন, ওই বাড়িতে নাছিমা বেগমের কোনো ঘর ছিল না। তিনি তার কাকা-শ্বশুরের বাড়িতে থাকতেন। তবে নাছিমা বেগমের স্বামী ওই সম্পত্তির ওয়ারিশ হয়েছেন বলে তিনি স্বীকার করেন। অভিযোগের বিষয়ে রফিকুল ইসলাম সিকদার ও খুকু মনির বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। এ ঘটনায় নাছিমা বেগম বাদী হয়ে গত ১০ অক্টোবর উজিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন