বরিশালের উজিরপুর উপজেলার সন্ধ্যা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় নদী থেকে প্রায় ৬ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
রোববার উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার্থে গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী দেশব্যাপী এই বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা খাতুন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শৈলেন ঘরামী ও বিকাশ বাবুসহ উজিরপুর মডেল থানার পুলিশ সদস্যরা অংশ নেন।
অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি সুরক্ষায় নদ-নদীতে এ ধরনের অভিযান ও মোবাইল কোর্ট নিয়মিত অব্যাহত থাকবে। প্রজনন মৌসুমে নিষিদ্ধ সময়ে কোনোভাবেই কাউকে ইলিশ শিকার করতে দেওয়া হবে না এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

