ভোলায় ইন্ট্রাকো অফিসে তালা দিয়েছে ‘আমরা ভোলাবাসী’ ব্যানারে আন্দোলনকারীরা। শনিবার দুপুর ২টার দিকে ভোলা শহরের বাংলা স্কুল মাঠে বিক্ষোভ সমাবেশ শেষে আন্দোলনকারীরা এ কর্মসূচি পালন করেন।
গত ৩ দফা আন্দোলনে সুন্দরবন- ইন্ট্রাকো কোম্পানি এবং প্রশাসন দাবির সাথে একাত্মতা ঘোষণা না করায়, ‘ভোলা বাসী’ সমাবেশ ও বিক্ষোভ শেষে ভোলা শহরের ব্যাপারীর দোকান এলাকায় অবস্থিত ইট্রাকো গ্যাস অফিসে তালা মেরে দেয়।
ঘরে ঘরে গ্যাস সংযোগ, ভোলা-বরিশাল সেতু, বিশ্ববিদ্যালয়ের স্থাপন, গ্যাস সংযোগের মাধ্যমে ইন্ডাস্ট্রি তৈরি, নদী ভাঙন রোধ ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনসহ ৬ দফা দাবিতে গত ৫ আগস্টের পর থেকে ভোলায় দফায় দফায় আন্দোলন, বিক্ষোভ, সংবাদ সম্মেলন, গণসংযোগ সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে ‘আমরা ভোলা বাসী’ ব্যানারে ভোলার সর্বস্তরের মানুষ।
ভোলাবাসীর এ সকল দাবির প্রেক্ষিতে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. মইন উদ্দিন গত ৮ মে ভোলায় এসে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোলা বাসীর সাথে মতবিনিময় করেন। আশ্বাস দিয়ে যান এ সকল দাবি পূরণের যথাযথ ব্যবস্থাগ্রহণ করবেন। বিশেষ করে ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের বিষয় গুরুত্ব সহকারে দেখবেন। কিন্তু তার এ সকল আশ্বাস একেবারেই ঘুরে বালি। যার কারণে ভোলার ২২ লক্ষ মানুষ আবার আন্দোলন সংগ্রামে মেতে উঠেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত সুন্দরবন গ্যাস কোম্পানি- ইন্ট্রাকো গ্যাস সরবরাহ ও গ্যাস বিতরণ কেন্দ্র তালা মেরে বন্ধ করে দেয়া হয়।
‘আমরা ভোলা বাসী’ সংগঠনের আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা সদর উপজেলা আমীর মাওলানা কামাল হোসাইন, আমরা ভোলাবাসী কমিটির যুগ্ম আহবায়ক উপাধ্যক্ষ মোবাশ্বিরুল হক নাঈম, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সহ-সভাপতি ওবায়দ বিন মোস্তফা, জেলা সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলামসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

