বাকেরগঞ্জের নিখোঁজ তিন ছাত্রী শ্যামপুর থেকে উদ্ধার

বাকেরগঞ্জের নিখোঁজ তিন ছাত্রী শ্যামপুর থেকে উদ্ধার

বরিশালের বাকেরগঞ্জে দাঁড়িয়াল মাধ্যমিক বিদ্যালয়ের নিখোঁজ দশম শ্রেণির তিন ছাত্রীকে ঢাকার শ্যামপুর থেকে উদ্ধার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ভোরে ঢাকার শ্যামপুর-কদমতলী থানার ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

থানা জিডি সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর উপজেলার দাঁড়িয়াল ইউনিয়নের নান্টু চৌকিদারের মেয়ে সুবর্ণা আক্তার (১৪), সাইফুল ইসলামের মেয়ে হাফসা আক্তার (১৪) ও দেলোয়ার হাওলাদারের মেয়ে নাদিয়া আক্তার (১৪) স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর তারা আর বাড়িতে ফিরে আসেনি।

অনেক খোঁজাখুঁজির পর নিখোঁজ দুই ছাত্রীর বাবা সাইফুল ইসলাম ও দেলোয়ার হোসেন বাকেরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরে গোপন সংবাদের ভিত্তিতে বাকেরগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক নাজমুল মোল্লা ও সবিতা রানীর যৌথ অভিযানে বৃহস্পতিবার ঢাকার কদমতলী থানার আওতাধীন শ্যামপুরের ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকা থেকে তিন ছাত্রীকে উদ্ধার করা হয়।

বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন জানান, দাঁড়িয়াল মাধ্যমিক বিদ্যালয়ের নিখোঁজ দশম শ্রেণির তিন ছাত্রীকে ঢাকা থেকে উদ্ধার করে বাকেরগঞ্জে নিয়ে আসা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন