চরফ্যাশনে ব্রিজ নির্মাণ বন্ধে এলাকাবাসীর বিক্ষোভ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

চরফ্যাশনে ব্রিজ নির্মাণ বন্ধে এলাকাবাসীর বিক্ষোভ

ভোলার শশীভূষণ টু গজারিয়া রোডে চরফ্যাশনের ওসমানগঞ্জ ইউনিয়ন ও লালমোহনের পশ্চিম চরউমেদ (গজারিয়া) সংলগ্ন পাঙ্গাসিয়া ব্রিজের নির্মাণ কাজ দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় থাকায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

সোমবার সকাল ১০টায় ওসমানগঞ্জ মানবসেবা ফাউন্ডেশনের আয়োজনে ওসমানগঞ্জ ফরাজী বাজারের উত্তর পাশে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার কয়েক শত মানুষ অংশ নেন।

বিজ্ঞাপন

এ সময় ওসমানগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম. মান্নান বলেন, প্রায় দুই বছর ধরে এ ব্রিজের কাজ চলমান থাকায় এই পথে চলাচলকারী লাখ লাখ মানুষ প্রতিনিয়ত ভোগান্তি পোহাচ্ছে। পাঙ্গাসিয়া ব্রিজের নির্মাণ কাজে ধীরগতি হওয়ায় হাজার হাজার যানবাহন ও মানুষকে নির্মাণাধীন ব্রিজটির পাশ দিয়ে বিকল্প কাঠের ক্ষণস্থায়ী পুল দিয়ে চলাচল করতে হয়।এতে অহরহ দুর্ঘটনা ঘটছে, মানুষের ভোগান্তি নিরসনে ব্রিজটির কাজ দ্রুত শেষ করে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার দাবি জানাচ্ছি। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- মোতাহার নগর বিএনপির সভাপতি আব্দুস শহীদ মিয়া।

ওসমানগঞ্জ মানবসেবা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাসুদ আলম বলেন, ওসমানগঞ্জসহ এ এলাকার মানুষের সীমাহীন দুর্ভোগ দ্রুত নিরসনে মানবসেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে আরও বক্তব্য রাখেন- মো. এমরান হোসেন, মো. শিপন আহাম্মেদ, আব্দুলাহ আল মামুন, মো. মঞ্জুরুল ইসলাম, মো. মহিউদ্দিন মহি, মো. দিদারুল ইসলাম প্রমুখ।

এ ব্যাপারে ব্রিজটি নির্মাণে দায়িত্বে থাকা ঠিকাদার সুমন আমার দেশকে বলেন, গত ৫ আগস্টের পর দেশের পরিস্থিতির কারণে কিছু সময় কাজ বন্ধ রেখেছিলাম, পাঙ্গাসিয়া ব্রিজের তিনটি পিসি গার্ডারের কাজ শেষ হয়েছে, চতুর্থ পিসি গার্ডারের ঢালাইর কাজ শেষ, দুই তিন দিনের মধ্যে টেনসনিং শেষ করে ডেস্ক স্লাব, এপ্রোচ রোডের কাজ ধরবো, আশা করছি আগামী ২০ থেকে ২৫ দিনের মধ্যে যানবাহন চলাচলের জন্য ব্রিজটি খুলে দিতে পারবো।

লালমোহন উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ইঞ্জিনিয়ার রাজিব সাহা বলেন, এ ধরনের ব্রিজে পিসি গার্ডারের কাজ শেষ করতে সময় লাগে, জনগণের ভোগান্তির কথা শুনেছি, কাজ যাতে দ্রুত শেষ হয় এ বিষয়ে তদারকি করছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন