আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাজাপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনি অফিসে অগ্নিসংযোগ

উপজেলা প্রতিনিধি, রাজাপুর (ঝালকাঠি)

রাজাপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনি অফিসে অগ্নিসংযোগ

ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের আমতলা বাজার এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি নির্বাচনি অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার ভোর রাতে দুর্বৃত্তরা এ হামলা চালিয়ে অফিস ও গোডাউন পুড়িয়ে দেয় বলে অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার রাতে নির্বাচনি কার্যক্রম শেষ করে স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা অফিসটি তালাবদ্ধ করে চলে যান।

মঙ্গলবার ফজরের নামাজের সময় ডাকচিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে অফিসে আগুন জ্বলতে দেখেন। পরে তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে অফিসে থাকা আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. ফয়জুল হক জানান, গত কয়েকদিন ধরে তাদের নেতাকর্মীদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটছে। তিনি অভিযোগ করে বলেন, “কয়েক দিন আগে আমার এক কর্মীর ওপর হামলা চালিয়ে রক্ত ঝরানো হয়েছে। এছাড়া আমাদের বোনদের দাওয়াতি কাজে বাধা দিয়ে অপমান-অপদস্থ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “নির্বাচনকে এত ভয় কেন? ভোট জনগণের অধিকার। জনগণ যাকে ভোট দেবে, তিনিই নির্বাচিত হবেন। অফিস পুড়িয়ে দিয়ে কি জনগণের রায় পরিবর্তন করা যাবে?”

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি নির্বাচনের আগেই জড়িত সকল সন্ত্রাসীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে চিহ্নিত দুর্বৃত্তদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “ঝালকাঠি-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, ইনশাআল্লাহ।”

এ বিষয়ে রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন