ঘূর্ণিঝড় ‘শক্তির’ প্রভাবে পানির নিচে চরফ্যাশনের শতাধিক বাড়ি

ঘূর্ণিঝড় ‘শক্তির’ প্রভাবে পানির নিচে চরফ্যাশনের শতাধিক বাড়ি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ঘূর্ণিঝড় ‘শক্তির’ প্রভাবে জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে ভোলার চরফ্যাশন। এতে পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার, ভেসে গেছে ঘেরের মাছ ও ৬-৭শ গবাদি পশু।

বিজ্ঞাপন

টানাবৃষ্টি ও দমকা হাওয়ায় গাছগাছালি ভেঙে পড়ায় বিদ্যুৎবিচ্ছিন্ন চরফ্যাশনবাসী। বৃহস্পতিবার সারাদিন গুড়িগুড়ি বৃষ্টিসহ হালকা বাতাস থাকলেও রাতের দিকে এ তীব্রতা বৃদ্ধি পায়। দিনের বেলা ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ডের পর গভীর রাতে ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে উপজেলা জুড়ে তীব্র বাতাস ও ভারী বর্ষণ হয়। যা স্থায়ী হয় কয়েক ঘণ্টা। ফলে চর কুকরী-মুকরী, ঢালচর, চর মুজিবনগরসহ বিভিন্ন চরে কয়েক হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়ে। তীব্র বাতাসের ফলে উপজেলার চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় শতাধিক ঘর বিধ্বস্ত হয়।

এদিকে ধীরে ধীরে নিম্নচাপ দুর্বল হলেও উত্তাল রয়েছে মেঘনা, তেতুলিয়া ও বঙ্গোপসাগর, ফলে অন্যান্য জেলার সাথে নৌযান চলাচল স্বাভাবিক হয়নি। গত দুইদিনে বিদ্যুৎ না থাকায় ও মোবাইল নেটওয়ার্ক ঠিক মতো সচল না থাকায় কার্যত উপজেলার সাথে পুরো দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

চর কুকরী মুকরীর বাসিন্দা আমির হোসেন জানান, বৃহস্পতিবার পুরো দিনে বৃষ্টির সাথে বাতাস থাকায় নীচু এলাকা পানির নিচে তলিয়ে যায়, রাতের দিকে বাতাসের তীব্রতা বাড়ায় উঁচু এলাকার অনেক জায়গায় ৪-৫ ফুট পানিতে বাড়ি ঘর ডুবে যায়, আমরা পরিবার নিয়ে আশ্রয় কেন্দ্রে ছিলাম, আজ (শুক্রবার) সকালের দিকে পানি কমতে থাকায় বাড়িতে চলে আসছি। ঘূর্ণিঝড় শক্তি বাড়ি, ঘর, ফসলাদি, মৎস্য খামার তছনছ করে গেছে।

উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি বলেন, কুকরী-মুকরীর চর পাতিলায় ৪শ, ঢালচর ইউনিয়নে ১ হাজার ও চর মুজিবনগরের শিকদারের চরে ৩শ পরিবার পানিবন্দি হয়েছে। ৭০-৮০ পরিবারের ঘর সম্পূর্ণ বিনষ্ট এবং ৬-৭শ গবাদি পশুর ক্ষতি হয়েছে। সরকারিভাবে ৪শ পরিবারকে আমরা ত্রাণ দিয়েছি। প্রতি পরিবারের জন্য ৩০ কেজি করে চাল ও ডাল-আলু-তেল-চিড়াসহ শুকনো খাবার প্যাকেট রয়েছে। ঢালচরে ২শ, চর মুজিবনগরে ১শ এবং চর কুকরী-মুকরীতে ১শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। স্থানীয়ভাবে সবাইকে সাহস রাখার আহ্বান জানাচ্ছি ও সহযোগিতা কামনা করছি যাতে দুর্যোগ কাটিয়ে উঠতে পারি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন