মহিপুরে মাছ ধরতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মহিপুরে মাছ ধরতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পটুয়াখালীর মহিপুরে মাছ ধরতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) দুপুরে মহিপুর সদর ইউনিয়নের বিপিনপুর গ্রামের আমবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো-বিপিনপুর গ্রামের আলম হাওলাদারের মেয়ে মেহেরিমা (৮) এবং একই এলাকার ভাড়াটিয়া আল আমিনের মেয়ে নাজিয়া (৭)।

বিজ্ঞাপন

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টার দিকে মাছ ধরার বড়শি নিয়ে বাড়ি থেকে বের হয় মেহেরিমা ও নাজিয়া। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পূর্ব পাশে আবুল কালামের মালিকানাধীন একটি ডোবার পানিতে বড়শির ছিপ ভাসতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে ডোবায় তল্লাশি চালিয়ে দুই শিশুকে উদ্ধার করা হয়। পরে স্বজনরা দ্রুত তাদের কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাছ ধরার সময় অসাবধানতাবশত তারা ডোবার পানিতে পড়ে যায়। সাঁতার না জানায় পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।

কুয়াকাটা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আব্দুল বাতেন বলেন, দুপুর ২টার দিকে দুই শিশুকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন