বাউফলের নাজিরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন সহস্রাধিক মানুষ

বাউফলের নাজিরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন সহস্রাধিক মানুষ
ফ্রি মেডিকেল ক্যাম্পের তত্ত্বাবধান ও সহযোগিতায় ছিলেন অ্যাডভোকেট মুনতাসির মুজাহিদ। ছবি: আমার দেশ

পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নে আইনজীবী মুনতাসির মুজাহিদের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে ধানদী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এ ক্যাম্পে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে সহস্রাধিক নারী, পুরুষ ও শিশু অংশ নিয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

বিজ্ঞাপন

ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে চশমা, বিভিন্ন ধরনের ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রীও বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

বিশেষ অতিথি ছিলেন চক্ষু বিভাগের সহকারী অধ্যাপক, ফ্যাকো সার্জন ও গ্লুকোমা বিশেষজ্ঞ ডা. জাকিয়া ফারহানা। এ ছাড়া ক্যাম্পে গাইনোকোলজিস্ট ও মেডিসিন বিশেষজ্ঞসহ বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে রোগীদের চিকিৎসাসেবা দেন।

ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলার কর্মপরিষদ সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আতিকুর রহমান নজরুলসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অ্যাডভোকেট মুনতাসির মুজাহিদের সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। একই সঙ্গে বিদ্যমান হাসপাতালগুলো আরো আধুনিকায়নে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

ক্যাম্পের সভাপতিত্ব করেন বাউফল উপজেলা যুব জামায়াত ও নাজিরপুর ইউনিয়ন জামায়াতের আমির মো. রাসেল মাহমুদ।

দিনব্যাপী এ আয়োজনে বিপুলসংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেন আয়োজকরা। ক্যাম্পে অংশ নেওয়া সবাইকে তারা ধন্যবাদ জানান।

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন