জিয়ানগরে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বৃক্ষরোপণ

উপজেলা প্রতিনিধি, জিয়ানগর (পিরোজপুর)

জিয়ানগরে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বৃক্ষরোপণ
ছবি: আমার দেশ

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পিরোজপুরের জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটির আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয়ে এসে শেষ হয়।

বিজ্ঞাপন

পরে বিদ্যালয় চত্বরে ফলদ্, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক শিক্ষার্থীর অন্তত একটি করে গাছ লাগানো এবং তার নিয়মিত পরিচর্যা করা প্রয়োজন।

এ সময় "আজকের বৃক্ষরোপণ, আগামীর জলবায়ু সুরক্ষা", "গাছ লাগিয়ে ভরবো দেশ, তৈরি হবে সবুজ বাংলাদেশ" এবং "শিক্ষাঙ্গনে সবুজের বার্তা, সবুজ বাংলাদেশের নবযাত্রা"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলা এবং সবুজ বাংলাদেশ বিনির্মাণে উদ্বুদ্ধ করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। পাশাপাশি শিক্ষার্থীদের নিজ নিজ বাসা ও আশপাশ গাছ লাগিয়ে পরিচর্যা করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে বালিপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শাহিদুল ইসলাম এছাড়া বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক মোঃ ইয়ামিন তালুকদার, সহাকরী শিক্ষক মোঃ মামুন হোসেন প্রমুখ।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, "একটি শিশুর হাতে একটি গাছ তুলে দেওয়ার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।"

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন