ভোলার বিশিষ্ট আলেম ও জেলা হেফাজতে ইসলামের উপদেষ্টা মাওলানা ওমর ফারুক (৬৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। বৃহস্পতিবার রাত দশটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী,দুই ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার ইন্তেকালে আলেমসমাজ ও ধর্মপ্রাণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার সকাল ১০টায় ভোলা সদর ভেলুমিয়া কলেজ ময়দানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। ইমামতি করেন তার বড় ছেলে মাওলানা রাকিবুল ইসলাম ফারুকী। পরে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
ঢাকার হেফাজত নেতা মুফতি ইমরানুল বারি সিরাজী জানান, মাওলানা ওমর ফারুক প্রায় ৪০ বছর যাবত নিজের প্রতিষ্ঠিত ভোলা দারুল উলুম আজিজিয়া মাদরাসায় মুহতামিমের দায়িত্ব পালন করেছেন। তিনি দেশের বিভিন্ন অঞ্চলে কোরআনের খেদমত করেছেন। অত্যন্ত মিষ্টভাষী বক্তা ছিলেন। বুজুর্গ আলেম হিসেবেও তার পরিচিতি ছিল। দেশ-বিদেশে তার অসংখ্য ছাত্র ও শুভাকাঙ্ক্ষী রয়েছেন।
মরহুমের রুহের মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে বড় ছেলে মাওলানা রাকিবুল ইসলাম ফারুকী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি দারুল উলূম হাটহাজারীর ফারেগ ও হেফাজতে ইসলামের সাবেক আমির মাওলানা জুনায়েদ বাবুনগরীর খাদেম ছিলেন। তিনি নিজেও হেফাজতের নেতা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

