পটুয়াখালীর মহিপুর থানা সদর ইউনিয়নের নিজ শিববাড়িয়া গ্রামের গাববাড়িয়া স্লুইসগেটসংলগ্ন এলাকায় আসন্ন কুরবানি উপলক্ষে খামারি ইব্রাহিম হাওলাদার তার প্রিয় ষাঁড় ‘ভয়ংকর’ ও ‘বাদশা বাবু’কে বিক্রির জন্য প্রস্তুত করেছেন। প্রায় চার বছর ধরে পরম যত্নে লালিত বিশাল আকৃতির এই ষাঁড় গরু দুটির মোট দাম হাঁকা হয়েছে ১৬ লাখ টাকা।
খামার সূত্রে জানা গেছে, ফ্রিজিয়ান জাতের গরু ‘ভয়ংকর’-এর ওজন প্রায় ১৮ মণ। এর দাম চাওয়া হচ্ছে ৯ লাখ টাকা। অন্যদিকে, প্রায় ১৭ মণ ওজনের শাহিওয়াল জাতের গরু ‘বাদশা বাবু’-এর দাম হাঁকা হয়েছে ৭ লাখ টাকা। গরু দুটি দেখতে প্রতিদিন ভিড় করছেন দূর-দূরান্ত থেকে আসা পাইকাররা।

গরু দুটি মোটাতাজা করার জন্য কোনো প্রকার ক্ষতিকর ইনজেকশন ব্যবহার করা হয়নি উল্লেখ করে মালিক ইব্রাহিম হাওলাদার বলেন, ‘গরু দুটি আমাদের পরিবারের সদস্যের মতো। শুরু থেকেই প্রাকৃতিক উপায়ে লালন করেছি। আমরা গরুকে ভুট্টার সাইলেস, ক্ষেতের কাঁচা ঘাস, খড়, ভুসি ও রুচিবর্ধক খাবার দিয়েছি। চার বছরে গরু দুটির পেছনে প্রায় ১২ লাখ টাকা খরচ হয়েছে।’
তিনি আরও বলেন, ‘কুরবানির ঈদকে সামনে রেখে গরু দুটি বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে। যারা ভালো ও স্বাস্থ্যসম্মত গরু খুঁজছেন, তারা সরাসরি খামারে এসে দেখতে পারবেন।’
গরু দুটির দেখাশোনায় সার্বক্ষণিক নিয়োজিত খামারের কর্মচারী সোলায়মান খান বলেন, ‘দিন-রাত পরিশ্রম করে গরু দুটি বড় করেছি। নিয়মিত গোসল, পরিচর্যা ও খাবারের দিকে বিশেষ খেয়াল রাখা হয়েছে। আশা করছি ন্যায্যমূল্যে বিক্রি হবে।’
প্রতিবেশী হাবিব সরদার বলেন, ‘আমাদের এলাকায় এত বড় ও সুন্দর গরু সচরাচর দেখা যায় না। খামারি ইব্রাহিম অনেক কষ্ট করে গরু দুটি বড় করেছেন। প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ দেখতে আসছে।’
স্থানীয় যুবক সাকিব বলেন, ‘গরু দুটির সৌন্দর্য ও স্বাস্থ্য দেখে সবাই মুগ্ধ। বিশেষ করে ‘ভয়ংকর’ গরুটি দেখতে অনেক আকর্ষণীয় ও রাজকীয়।’
আরেক প্রতিবেশী মো. সিয়াম বলেন, ‘গরু দুটি সত্যিই অসাধারণ। আশা করছি ভালো দামে বিক্রি হবে এবং খামারি তার পরিশ্রমের সঠিক মূল্য পাবেন।’
গরু দুটির নিয়মিত তদারকিতে থাকা স্থানীয় পশু চিকিৎসক আহসান হাবিব বলেন, ‘আমি নিয়মিত গরু দুটি পর্যবেক্ষণ করেছি। সম্পূর্ণ প্রাকৃতিক খাবার ও সঠিক পরিচর্যার মাধ্যমে এগুলো বড় করা হয়েছে। গরুগুলো শতভাগ সুস্থ এবং স্বাস্থ্যবান। এদের শারীরিক গঠন অত্যন্ত আকর্ষণীয়।’
চার বছরের শ্রম ও পরিচর্যার পর কুরবানির বাজারে ‘ভয়ংকর’ ও ‘বাদশা বাবু’ ভালো দামে বিক্রি হবে বলে আশাবাদী খামারি ইব্রাহিম হাওলাদার।
আগ্রহী ক্রেতারা সরাসরি খামারে এসে গরু দুটি দেখতে ও দরদাম করতে পারবেন। এছাড়া যোগাযোগ করা যাবে এই নম্বরে— 01775-626048।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

