চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ছেলের চিকিৎসা ও গার্মেন্টসের দোকানের মালামাল আনার জন্য ঢাকায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে মাদারীপুর জেলার শিবপুর উপজেলার বাখরেকান্দি পুনর্বাসন কেন্দ্রসংলগ্ন মাদবরের কান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত আবু জাফর মৃধা (৫৫) ও ছেলে অনিক মৃধার (১৪) গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার কাঁকড়াবুনিয়া ইউনিয়নে।

জাফর মৃধা একজন ব্যবসায়ী। উপজেলা সদর সুবিদখালী নান্নু শপিং কমপ্লেক্সে তার একটি গার্মেন্টসের দোকান আছে এবং অনিক মৃধা মির্জাগঞ্জ আইডিয়াল স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর জেলার শিবপুর হাইওয়ে থানার ওসি মো. শাকিল আহম্মেদ। তিনি আমার দেশকে বলেন, ঢাকা-খুলনা হাইওয়ে সড়কের পাশে পালকি পরিবহনের একটি বাসের চাকা পাংচার হয়ে যায়।

এ সময় বাসটির চালক ও হেলপার চাকা মেরামতের কাজ করছিলেন। এরই মধ্যে বরগুনা থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে থামানো বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুই বাসের সামনের ও পেছনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। আরো ১৫ থেকে ২০ জন গুরুতর আহত হয়।

মির্জাগঞ্জ থানার ওসি মো. তৌহিদুজ্জামান বলেন, এ বিষয়ে শিবচর হাইওয়ে থানার ওসি মো. শাকিল আহম্মেদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি লাশ ময়নাতদন্ত শেষে দ্রুত পরিবারের কাছে হস্তান্তরের কথা বলেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন