বরগুনার আমতলীতে ৩ ফুট জমি নিয়ে বিরোধের জেরে জরিনা বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলী পৌরসভার ৩ নং ওয়ার্ডের বটতলা এলাকার আব্দুর রব হাওলাদার ও তার ভাগ্নে লিটন সিকদারের মধ্যে মাত্র তিন ফুট জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
গত রোববার সকালে ওই জমিতে আব্দুর রব হাওলাদারের জামাতা সেনাসদস্য শাহজাহান ও তার দুই ছেলে রাকিব লোকজন নিয়ে কাজ শুরু করে ।
এ সময় তাদের প্রতিবেশী লিটন সিকদার বাধা দিলে শাহজাহান ও তার ছেলেরাসহ লোকজন তাকে মারধর করে। তাকে রক্ষা করতে গেলে তার ভাই রিপন সিকদারকেও তারা মারধর করে। দুই ছেলেকে বাঁচাতে বৃদ্ধা জরিনা বেগম এগিয়ে এলে তাকে পিটিয়ে গুরুতর আহত করে ।
স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে, কর্তব্যরত চিকিৎসক জরিনা বেগমকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয় ।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আমার দেশকে বলেন, “নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে উভয় পক্ষ থেকেই অভিযোগ পেয়েছিলাম।”
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

