ঝালকাঠি সদর উপজেলার গাবারামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াছুল আমিন জামাল সিকদারের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন তার স্ত্রী মিসাত জাহান। শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১২টায় ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে তিনি একটি সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মিসাত জাহান বলেন, প্রেমের সম্পর্কের সূত্র ধরে তিনি সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন, এরপর জামাল সিকদারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে তার স্বামী যৌতুকের জন্য চাপ প্রয়োগ করেন বলে তিনি অভিযোগ করেন। এ কারণে বাবার বাড়ি ও আত্মীয়স্বজনের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা এবং চার ভরি স্বর্ণ এনে স্বামীর হাতে তুলে দিতে বাধ্য হন বলেও জানান।
তিনি আরও দাবি করেন, তাদের বিয়ের কাগজপত্রসহ প্রয়োজনীয় নথিপত্র বর্তমানে তার স্বামীর কাছেই রয়েছে। ২০১৩ সালের ৮ নভেম্বর তাদের একটি পুত্রসন্তান জন্মগ্রহণ করে। পরবর্তীতে স্বামীর বাড়িতে বসবাস শুরু করলেও পারিবারিক নানা বিষয়, বিশেষ করে স্বামীর বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগ ঘিরে বিরোধের সৃষ্টি হয়।
মিসাত জাহানের অভিযোগ, এসব ঘটনাকে কেন্দ্র করে তাকে নিয়মিত শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে। একাধিকবার গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাও নিতে হয়েছে বলে তিনি জানান।
সাম্প্রতিক সময়ে নির্যাতনের মাত্রা বেড়েছে এবং তাকে হত্যার চেষ্টাও করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বর্তমানে নিজের ও সন্তানের প্রাণনাশের আশঙ্কায় আত্মগোপনে রয়েছেন বলেও উল্লেখ করেন।
অভিযুক্ত জামাল সিকদার বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। তিনি কোনো ধরনের নির্যাতনের সঙ্গে জড়িত নন বলে দাবি করেন।
সংবাদ সম্মেলনে মিসাত জাহান তার ও তার সন্তানের নিরাপত্তা নিশ্চিত করা, সন্তানের পড়াশোনার সুযোগ সৃষ্টি এবং স্বামীর বাড়িতে নিরাপদে বসবাসের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


লক্ষ্মীপুরে হামের টিকা পাবে ২ লাখ ৭০ হাজারেরও বেশি শিশু