দানব খ্যাত আ.লীগ নেতা হারিছ কারামুক্ত

বরিশাল অফিস

দানব খ্যাত আ.লীগ নেতা হারিছ কারামুক্ত

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নিজ দলের প্রতিপক্ষ ও বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর অত্যাচার নির্যাতনের কারনে “গড ফাদার” বা দানব হিসেবে খ্যাতি পাওয়া বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার সাবেক মেয়র হারিছুর রহমান হারিচ জামিনে কারা মুক্ত হয়েছেন।

প্রায় ২১ মাস জেল খাটার পর বুধবার সন্ধ্যার পর তিনি বরিশাল কেন্দ্রীয় কারাগর থেকে জামিনে কারা মুক্ত হন।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের অক্টোবর মাসে ঢাকার রামপুরা এলাকা থেকে হারিছুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় এতদিন তিনি বরিশাল কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

কারা সূত্র জানায়, ১০টি মামলার মধ্যে আটটি মামলায় স্থানীয় আদালত থেকে জামিন পাওয়ার পর বুধবার বাকি দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পান হারিছুর রহমান। জামিনের আদেশ কারাগারে পৌঁছানোর পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে মুক্তি দেওয়া হয়।

বরিশাল কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত জেলার আবু ইউসুফ বলেন, “হারিছুর রহমান ১০টি মামলার মধ্যে আটটি মামলায় স্থানীয় আদালত থেকে এবং বাকি দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। জামিনের আদেশ কারাগারে আসার পর নিয়ম অনুযায়ী তাকে মুক্তি দেওয়া হয়েছে।”

এদিকে হারিছুর রহমানের জামিনের খবর ছড়িয়ে পড়ার পর গৌরনদীতে রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিএনপির কয়েকজন নেতাকর্মী তার জামিন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

একাধিক বিএনপি নেতা বলেন, বিগত আওয়ামী লীগের আমলে এমন কোন অপরাধ নেই যা হারিছের মাধ্যমে হয়নি। এতো বড় ধরনের একজন অপরাধী এতো গোপনে জামিন পেয়ে যাবে এটা কোন ভাবেই কাম্য নয়।

এ বিষয়ে গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক মো. সরোয়ার বলেন, বারিশালবাসী জানে হারিচুর রহমান হারিচ বিএনপির নেতা কর্মিদের কতটা অত্যাচার ও নিপিড়ন করেছেন। তার মতো এমন এমন একজন ফ্যাসিস্টের এতো অল্প সময়ে কারামুক্তির বিষয়টি কারো কাম্য নয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন