দুই বছর পর পায়রা বন্দরের প্রথম টার্মিনালের জেটিতে সরাসরি বার্থিং করেছে চীনের পতাকাবাহী কার্গো জাহাজ ‘ফান ঝৌ-৬’।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বন্দরের নিজস্ব ব্যবহারের জন্য আমদানি করা পাঁচটি আধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট (সরঞ্জাম) নিয়ে জাহাজটি জেটিতে ভিড়ে।
বন্দর কর্তৃপক্ষ জানায়, জাহাজটিতে ৮০ টন ধারণক্ষমতার দুটি এসটিএস ক্রেন, ৪০ টন ধারণক্ষমতার দুটি আরটিজি ক্রেন এবং ৮০ টন ধারণক্ষমতার একটি মোবাইল হারবার ক্রেন (এমএইচসি) ছিল।
এসব সরঞ্জাম যুক্ত হওয়ায় পায়রা বন্দরের কার্গো ও কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রম আরো দ্রুত ও দক্ষ হবে। এসটিএস ক্রেন দিয়ে মাদার ভেসেল থেকে কনটেইনার ওঠানো-নামানো, আরটিজি ক্রেন দিয়ে ইয়ার্ডে কনটেইনার সংরক্ষণ ও স্থানান্তর এবং এমএইচসির মাধ্যমে বাল্ক কার্গো ও কনটেইনার খালাস করা সম্ভব হবে।
বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সৈয়দ সাইফ উল ইসলাম বলেন, ‘আধুনিক এসব ইকুইপমেন্ট যুক্ত হওয়ায় বন্দরের অপারেশনাল সক্ষমতা বাড়বে এবং কার্গো হ্যান্ডলিংয়ের সময় কমবে। রাবনাবাদ চ্যানেলের নাব্যতা আরও বাড়ানো গেলে ভবিষ্যতে আরও বড় মাদার ভেসেল সরাসরি জেটিতে আনা সম্ভব হবে।’
এর আগে ২০২৩ সালে ‘এমভি জেইন’ এবং একই বছরের অন্য সময়ে ‘এমভি ডা হং-১৬’ পায়রা বন্দরের প্রথম টার্মিনালে সরাসরি বার্থিং করে পণ্য খালাস করেছিল। ‘ফান ঝৌ-৬’ জাহাজটি ভিড়ার মধ্য দিয়ে দীর্ঘ প্রায় দুই বছর পর আবারও বড় কোনো কার্গো জাহাজ সরাসরি টার্মিনালে ভিড়ল।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

