ভারতে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ তার মা ও ফুফার নামে বরিশালে পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে নাম পরিবর্তন করে একটি নোটিশ জারি করেছে বরিশাল শিক্ষা বোর্ড।
ইতোমধ্যে নোটিশ পেয়ে ওইসব শিক্ষা প্রতিষ্ঠানের পুরানো নাম পরিবর্তন করে নতুন নামের সাইনবোর্ড টানানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এসব শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছে বলে বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী
জানিয়েছেন। রোববার দুপুরে বরিশাল শিক্ষাবোর্ডের নির্ভরযোগ্য সূত্র জানায়, বরিশাল নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি কলেজের নাম পরিবর্তন করে নতুন কাউনিয়া সরকারি কলেজ নামকরণ করা হয়েছে। একইভাবে মেহেন্দিগঞ্জ উপজেলায় দেশরত্ন শেখ হাসিনা মহাবিদ্যালয়ের পরিবর্তে আলিমাবাদ সরকারি মহাবিদ্যালয়, আগৈলঝাড়া শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি ডিগ্রি কলেজের পরিবর্তে আগৈলঝাড়া সরকারি ডিগ্রি কলেজ, পিরোজপুরের নাজিরপুর
উপজেলার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা মহাবিদ্যালয়ের পরিবর্তে নাজিরপুর সরকারি মহিলা কলেজ এবং ভোলার সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের পরিবর্তে ভোলা সরকারি মহিলা কলেজ নামকরণ করা হয়েছে। রোববার এ সংক্রান্ত একটি চিঠি বরিশাল শিক্ষা বোর্ডে এলে গতকাল সোমবার সকালে ওই নোটিশ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছে পাঠিয়ে দেয়া হয়।
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, কয়েক দিন আগে মন্ত্রণালয় থেকে বরিশালে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকা চেয়েছিল। তালিকা পাঠানোর পর তারা নাম পরিবর্তন করেছে। বিষয়টি নোটিশ আকারে জানিয়ে দেয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ওই নোটিশ পাওয়ার পর ইতোমধ্যেই অনেকে পুরানো নাম পরিবর্তন করে নতুন নামের সাইনবোর্ড স্থাপন করেছেন।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

