ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক ও সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কাজী গোলাম মাহবুব-এর ২০তম মৃত্যুবার্ষিকী আজ (বৃহস্পতিবার) পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে তার জন্মস্থান বরিশালের গৌরনদীসহ ঢাকার ধানমন্ডির বাসভবনে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির জানান, এ উপলক্ষে গৌরনদীর কাজী গোলাম মাহবুব চত্বরে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। এছাড়া লাখেরাজ কসবা গ্রামে পারিবারিক উদ্যোগে তার কবর ও মসজিদ প্রাঙ্গণে এবং ঢাকার ধানমন্ডির বাসভবনে দিনব্যাপী দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
জানা গেছে, ১৯২৭ সালের ২৩ ডিসেম্বর গৌরনদীর লাখেরাজ কসবা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা ছিলেন কাজী আব্দুল মাজেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়-এ অধ্যয়নরত অবস্থায় ১৯৪৭ সালে দেশ বিভাগের পর তিনি ভাষা ও বৈষম্যের বিষয়গুলো জাতির সামনে তুলে ধরেন।
১৯৪৮ সালে ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি। ওই বছরের ১১ মার্চ রাষ্ট্রভাষা বাংলার দাবিতে হরতালে পিকেটিং করতে গিয়ে গ্রেফতার হয়ে কারাভোগ করেন। মুক্তির পর ১৯৫২ সালের ২৭ জানুয়ারি তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণার পর নতুন করে আন্দোলন সংগঠিত করতে সর্বদলীয় সভা আহ্বান করেন। সেই সভায় তাকে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক করা হয়।
এছাড়া ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধেও তিনি একজন সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অবশেষে ২০০৬ সালের ১৯ মার্চ ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

