সরকারি জমি পুনরুদ্ধার করে মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা গৃহায়ন প্রতিমন্ত্রীর

সরকারি জমি পুনরুদ্ধার করে মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা গৃহায়ন প্রতিমন্ত্রীর

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, ‘পূর্ববর্তী সরকারের আমলে অবৈধভাবে দখল কিংবা বিতরণ করা সরকারি জমি আইনি প্রক্রিয়ার মাধ্যমে পুনরুদ্ধার করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে ফিরিয়ে আনা হবে। সরকারি সম্পত্তি উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে বরিশাল সিটি করপোরেশনের রূপাতলী হাউজিং এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আহমেদ সোহেল মনজুর বলেন, ‘রূপাতলীতে প্রথম প্রতিষ্ঠান করেছিল আমার বাবা। মৎস্য প্রক্রিয়াজাতকরণের একটা মিল ছিল আমাদের। তখন অফসোনিনও ছিল না, একমাত্র প্রতিষ্ঠান ছিল এই বরিশাল ফিশিং লিমিটেড কোম্পানি। ফ্যাসিস্ট সরকার আমাদের ক্রয়কৃত জমিও দখল করে নিয়েছে। এই হলো তাদের চরিত্র।’

তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদী সরকার সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমি দখল ও দুর্নীতির চরম পর্যায়ে পৌঁছেছিল। তাদের সঙ্গে বিএনপির তুলনা করার কোনো মানেই হয় না। আমার জানা মতে, এখন পর্যন্ত আমাদের বরিশালে কোনো সরকারি সম্পত্তি আমাদের দলীয় লোকজন দখল করেনি।’ সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের নিম্ন ও মধ্যম আয়ের মানুষের আবাসন নিশ্চিত করতে সরকার বিভিন্ন এলাকায় আবাসিক ভবন নির্মাণের প্রকল্প গ্রহণ করছে। বরিশালেও নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য আবাসন সুবিধা সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হবে।’

তিনি আরে বলেন, ‘পূর্ববর্তী সরকারের সময়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মালিকানাধীন বিভিন্ন জমি বিভিন্নভাবে বরাদ্দ বা বিতরণ করা হয়েছিল। এসব জমির বরাদ্দ ও দখলের বৈধতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে। অনিয়ম বা অবৈধতার প্রমাণ পাওয়া গেলে জমি পুনরুদ্ধার করে মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।’

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন, বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুছুর রহমান, নগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন শিকদার, যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন