গভীর সাগরে বৈরী আবহাওয়ায় ট্রলারডুবি, নিখোঁজ ৫ জেলে

গভীর সাগরে বৈরী আবহাওয়ায় ট্রলারডুবি, নিখোঁজ ৫ জেলে
নিখোঁজ ইব্রাহিমের স্ত্রী, সন্তান ও মায়ের আহাজারি। ছবি: আমার দেশ

বৈরী আবহাওয়া ও সাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে বরগুনার পাথরঘাটা উপকূলসংলগ্ন গভীর বঙ্গোপসাগরে ‘এফবি বরকত’ নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ট্রলারটিতে থাকা ১৩ জেলের মধ্যে আটজনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন পাঁচজন।

সোমবার বিকেলে কুয়াকাটা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে গভীর সাগরে এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলারটির মালিক পাথরঘাটার আশরাফ কোম্পানি। ট্রলারে থাকা ১৩ জেলের বাড়িই পাথরঘাটা সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায়।

বিজ্ঞাপন

নিখোঁজ জেলেরা হলেন—পাথরঘাটা সদর ইউনিয়নের নুর আলম (৩৭), কাওসার (৩০), সাইকুল (৩৩), ইব্রাহিম (২৮) ও বেল্লাল (২২)।

উদ্ধার হওয়া জেলে ও ট্রলারের বাবুর্চি ইউনুস মোল্লা জানান, দুর্ঘটনার সময় সাগরে প্রচণ্ড ঝোড়ো হাওয়া ও ঢেউ ছিল। জাল ফেলার প্রস্তুতির সময় কয়েকজন জেলে ক্লান্ত হয়ে ট্রলারের ব্রিজের ভেতরে ঘুমিয়ে পড়েন। হঠাৎ বড় একটি ঢেউ ট্রলারে আঘাত করলে সেটি উল্টে যায়। এ সময় ব্রিজের ভেতরে আটকে পড়া জেলেদের একজন প্রায় ২০ মিনিট পর সেখান থেকে বের হতে সক্ষম হন।

তিনি আরও জানান, ট্রলারটি ডুবে যাওয়ার পর আটজন জেলে প্রায় দুই ঘণ্টা সাগরে ভেসে ছিলেন। পরে ঘটনাস্থলের কাছ দিয়ে যাওয়া অন্য একটি মাছ ধরার ট্রলার তাদের উদ্ধার করে। তবে ওই সময় সঙ্গে থাকা পাঁচ জেলের কোনো সন্ধান পাওয়া যায়নি।

জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘এফবি বরকত’ ট্রলারটি দুই দিন আগে পাথরঘাটা থেকে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সাগরে যায়। সোমবার বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের মধ্যে পড়ে ট্রলারটি ডুবে যায়। পরে একটি মাছ ধরার ট্রলার আট জেলেকে জীবিত উদ্ধার করে।

তিনি জানান, নিখোঁজ পাঁচ জেলের সন্ধানে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে একটি ট্রলার সমুদ্রে পাঠানো হয়েছে। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন