বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে দলের নেতা-কর্মীরা। এর আগে তারা জেলা কার্যালয়ে বর্ধিত সভা করেন।
শনিবার বাবুগঞ্জ উপজেলার খানপুরা গণশিল্পী সংস্থার কার্যালয়ে বর্ধিত সভা শেষে বিক্ষোভ মিছিল করেন।
সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মোস্তফা লুৎফুল্লাহ।
জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ মোহাম্মদ টিপু সুলতানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক গোলাম হোসেন, কেন্দ্রীয় নেতা টিএম শাহজাহান তালুকদার, উপজেলা সম্পাদক শাহিন মাহমুদ, জেলা ছাত্রনেতা শামীম শাহরুখ তমাল, সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান সবুজ, সাবেক যুবনেতা হাসানুর রহমান পান্নু, মো. আলাউদ্দিন, জামাল উদ্দিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, দেশের প্রগতিশীল রাজনৈতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয়েছে। তারা অবিলম্বে এ মামলা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।
সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় তারা রাশেদ খান মেননের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ সমাবেশে নেতারা হুঁশিয়ারি দেন, রাশেদ খান মেননের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার না করা হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

