মাদক ছেড়ে খেলাধুলায় আসতে তরুণদের প্রতি এমপি সান্টুর আহ্বান

মাদক ছেড়ে খেলাধুলায় আসতে তরুণদের প্রতি এমপি সান্টুর আহ্বান

‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল। তরুণ সমাজকে সুস্থ জীবনের নিশ্চয়তা দিতে খেলাধুলার মাধ্যমে উদ্বুদ্ধ ও সচেতন করে গড়ে তুলতে হবে। সুস্থ তরুণ-তরুণীরাই আগামীর বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সহযোগিতা করবে।’—এমন মন্তব্য করেছেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ অক্টোবর) বরিশালের উজিরপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বরিশাল জেলা ক্রীড়া সংস্থা ও উজিরপুর উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বামরাইল এইচ এম ইনস্টিটিউশন কেন্দ্রীয় খেলার মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মো. রুবেল খান, বরিশাল জেলা ক্রীড়া কর্মকর্তা মো. সাইদুল ইসলাম, উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান, উজিরপুর পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান এবং উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম।

এ সময় উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. নাসির উদ্দীন শরীফ, সাধারণ সম্পাদক সরদার সোহেল, জ্যেষ্ঠ সাংবাদিক মাহফুজুর রহমান মাসুম, উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম শামসুদ্দোহা আজাদ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাইদুল বেপারী, পৌর যুবদলের আহ্বায়ক মো. শাহাবুদ্দিন আকন সাবু, সদস্যসচিব মো. হাফিজুর রহমান প্রিন্স, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. জিয়া আমিন রাড়ীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং স্থানীয় তরুণেরা উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উভয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু।

আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি বলেন, শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপির নেতাকর্মীদেরও সর্বাত্মক সহযোগিতা করতে হবে। মাদক ব্যবসায়ী, চোরাকারবারি, জমি দখলকারী ও জুয়াড়িদের কোনো দলীয় বা রাজনৈতিক পরিচয় নেই। অপরাধী যে-ই হোক, তার পেছনে যত প্রভাবশালী ব্যক্তিই থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে হবে। এ ক্ষেত্রে কোনো সুপারিশ বা তদবির বরদাশত করা হবে না।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাত দেখা যাচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বখাটেদের আড্ডা ও ইভ টিজিং কঠোরভাবে দমন করতে হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে রাতে পুলিশের টহল বাড়ানোর পাশাপাশি হাটবাজার ও ব্যাংক এলাকায় বিশেষ নজরদারি প্রয়োজন। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে পারে—এমন গুজব ছড়ানো বন্ধেও কঠোর নজরদারি রাখতে হবে।

এমপি সান্টু বলেন, পুলিশ একা সব অপরাধ দমন করতে পারবে না। এ জন্য জনগণকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। তিনি বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সাধারণ মানুষ যাতে থানায় গিয়ে হয়রানির শিকার না হন এবং পুলিশ জনগণের প্রকৃত বন্ধু হিসেবে কাজ করে, তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

শারদীয় দুর্গাপূজা প্রসঙ্গে তিনি বলেন, শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিএনপির নেতাকর্মীদের সমন্বয়ে প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা খানুন, উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি এস এম আলাউদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান টুলু, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিন হাওলাদার, উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম শামসুদ্দোহা আজাদ, পৌর যুবদলের আহ্বায়ক মো. শাহাবুদ্দিন আকন সাবু ও সদস্যসচিব মো. হাফিজুর রহমান প্রিন্স।

এ ছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাহাবুব গোমস্তা, উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. নাসির উদ্দীন শরীফ, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশারফ হোসাইন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন