বরিশালে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষে আহত ১৫

বরিশালে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষে আহত ১৫

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরের রংপুরের বাসভবনে হামলার প্রতিবাদে বরিশালে মিছিল করেন দলটির নেতাকর্মীরা। সেখানে জুলাই বিপ্লবপন্থি দলগুলোর নেতাকর্মীদের বিষোদগার করে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। তাদের বাধা দিতে যান গণঅধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মীরা। এতে ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলা চালান জাপা নেতাকর্মীরা, বেধে যায় সংঘর্ষ। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। গতকাল শনিবার বিকালে নগরীর ফকিরবাড়ী রোড ও সদর রোডের সংযোগস্থলে এ হামলার ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আছেন- জাপার বরিশাল মহানগরের আহ্বায়ক ও চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, গণঅধিকার পরিষদের বরিশাল জেলা কমিটির সভাপতি শামীম রেজা, সাধারণ সম্পাদক হাসান প্রমুখ। তাদের মধ্যে সাতজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

ঘটনাস্থল থেকে এক হামলাকারীকে আটক করে গণপিটুনি দিয়েছেন জাপা নেতাকর্মীরা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

জাপা নেতা মহসিন বলেন, জিএম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে কেন্দ্রীয়ভাবে সারাদেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি ঘোষণা করা হয়। এর ধারাবাহিকতায় গতকাল শনিবার বিকালে আমরা নগরীর ফকিরবাড়ী রোডে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ করি। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে আমরা নগরীর ফকিরবাড়ী কার্যালয় থেকে সদর রোডের কাছাকাছি পৌঁছলে পেছন থেকে কিছু সন্ত্রাসী বিনা উসকানিতে আমাদের ওপর লাঠিসোঁটা এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তাৎক্ষণিক আমাদের নেতাকর্মীরা তা প্রতিহত করে এবং ধাওয়া দিয়ে হামলাকারীদের একজনকে ধরে পুলিশে সোপর্দ করে। হামলাকারীরা কে এবং কোন দলের তা জানি না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল মহানগর কমিটির সদস্য সচিব সাহাদাত জানান, জাপা নেতাকর্মীরা বিকালে নগরীতে বিক্ষোভ মিছিল বের করেন। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গণঅধিকার পরিষদ, এনসিপিসহ অন্যান্য রাজনৈতিক দলের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও উগ্রবাদী স্লোগান দেন। ঘটনাস্থলে থাকা গণঅধিকার পরিষদের কয়েকজন নেতাকর্মী তাদের উগ্র স্লোগান দিতে নিষেধ করেন। এ সময় জাপা নেতাকর্মীরা গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়।

গণঅধিকার পরিষদের বরিশাল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নুরুল আমীন বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের দোসর ও সহযোগী জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড করার অধিকার নেই। তারা নগরীতে মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গণঅধিকার পরিষদ, এনসিপিসহ অন্যান্য রাজনৈতিক দলের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও উগ্রবাদী স্লোগান দিচ্ছিল। তাদের প্রতিহত করার চেষ্টা করলে জাপা নেতাকর্মীরা হামলা চালান।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, হামলার ঘটনায় কাউকে আটক করা হয়নি। তবে জাতীয় পার্টির নেতাকর্মীরা একজনকে মারধর করে গুরুতর আহত করে পুলিশে দিয়েছে। তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন