পটুয়াখালীর কলাপাড়ায় ভাড়া বাসা থেকে এক নারী পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার ভোরে টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুড়তলী গ্রামের বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
মৃত মেহেরুন্নেছা উর্মি (২৮) বহিষ্কৃত পুলিশ সদস্য মহিববুর রহমান বাপ্পীর স্ত্রী এবং কলাপাড়া থানায় কনস্টেবল ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উর্মি প্রায় আট মাস আগে স্বামী বাপ্পী, দেড় বছরের সন্তান ফারদিন ও চার বছরের সন্তান ফারিস্তাকে নিয়ে আমিরুল ইসলামের পাঁচতলা ভবনের তিনতলায় ভাড়ায় ওঠেন। পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। রাত দেড়টার দিকে বাপ্পী থানার পুলিশকে জানান, তার স্ত্রী ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে পুলিশ ভোরে লাশ উদ্ধার করে।
কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, মানসিক শান্ত্বনা দেওয়ার জন্য ওই নারী পুলিশ সদস্যের স্বামী ও দুই সন্তানকে থানায় নিয়ে আসা হয়েছে। মৃত্যুর রহস্য উদ্ঘাটনে পুলিশি তদন্ত চলছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

