বরগুনায় শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটক

উপজেলা প্রতিনিধি, তালতলী (বরগুনা)

বরগুনায় শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটক

বরগুনার তালতলী উপজেলায় শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের শুভসন্ধ্যা সৈকতে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিখোঁজ মো. আসাদুল (১৬) আমতলী উপজেলার মানিকঝুড়ি এলাকার মো. মুসার ছেলে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে আসাদুলসহ ৫ বন্ধু মিলে শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে বেড়াতে আসে। একপর্যায়ে তারা সবাই সাগরে গোসলে নামে। কিন্তু সাগরের পানি অত্যন্ত উত্তাল থাকায় তীব্র স্রোতে তারা সবাই ভেসে যেতে থাকে। বিষয়টি টের পেয়ে স্থানীয় জেলেরা তাৎক্ষণিক চেষ্টা চালিয়ে ৪ জনকে জীবিত উদ্ধার করতে পারলেও আসাদুল স্রোতের টানে গভীর সাগরে তলিয়ে যায়।

​প্রত্যক্ষদর্শীরা জানান, স্রোতে ভেসে যাওয়ার পর আসাদুল বেশ কিছু সময় সাগরের মাঝে মাছ ধরার একটি খুঁটি ধরে বাঁচার আকুতি জানাচ্ছিল। কিন্তু তীব্র ঢেউয়ের তোড়ে একপর্যায়ে সে পানিতে ডুবে নিখোঁজ হয়।

​খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং স্থানীয় থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসেন। বর্তমানে কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল স্থানীয়দের সহায়তায় সাগরে উদ্ধার অভিযান পরিচালনা করছে।

​মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে আসি। পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের যৌথ টিম উদ্ধার কাজ চালাচ্ছে। তবে সাগর প্রচণ্ড উত্তাল থাকায় উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ কিশোরের কোনো সন্ধান মেলেনি।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন