আমতলীতে ধানক্ষেত থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, আমতলী (বরগুনা)

আমতলীতে ধানক্ষেত থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

বরগুনার আমতলীতে ধানক্ষেত থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা গ্রামের একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

পরে ময়নাতদন্তের জন্য লাশ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলের দিকে স্থানীয় লোকজন পশ্চিম চিলা গ্রামের মুকুন্দ বাইনের ধানক্ষেতে আনুমানিক ৫৫ বছর বয়সী এক নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ জানায়, মৃত নারীর শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় আমতলী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

হলদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. হারুন অর রশিদ খান বলেন, “ওই নারীকে এলাকার কেউ চিনতে পারেননি। তিনি কীভাবে সেখানে এলেন, সেটিও জানা যায়নি।”

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তে তদন্ত চলছে।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন