পটুয়াখালীতে কলেজছাত্রকে তুলে নিয়ে রাতভর নির্যাতন ও এক লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. সাইফুর রহমান সাকিবকের বিরুদ্ধে। এই ঘটনায় তাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পটুয়াখালী জেলা শাখার অধীনস্থ পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. সাইফুর রহমান সাকিবকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সিদ্ধান্তটি অনুমোদন করেন।
এর আগে পটুয়াখালী শহরের বসাক বাজার এলাকা থেকে মনির নামে সরকারি কলেজের ম্যানেজমেন্ট বিভাগের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে রাতভর নির্যাতন করে এক লাখ টাকা আদায়ের অভিযোগ ওঠে ছাত্রদল নেতা সাকিব ও ছাত্রদলের কর্মী সিয়ামের বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে, টাকা দেওয়ার পর মোবাইল রেখে তাকে ছেড়ে দেওয়া হয় বলে দাবি পরিবারের।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


