প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, মৎস্য চাষ আমাদের জন্য একটি কার্যকরী অর্থনীতি হতে পারে, যদি আমাদের প্রত্যেকটা পুকুর, জলাশয় ও খাল-বিলকে আমরা মৎস্য চাষ উপযোগী করতে পারি।
মঙ্গলবার গৌরনদীতে সরকারি ও প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ শেষে তিনি এ কথা বলেন।
জহির উদ্দিন স্বপন আরও বলেন, সরকারের যতগুলো জনসেবা বিভাগ রয়েছে, সেসব বিভাগের বার্ষিক কার্যক্রমের হিসাব নেওয়া প্রয়োজন। এ জন্য তিনি ‘মিট দ্য প্রেস’ আয়োজনের একটি ধারণা নিয়েছেন। এর আওতায় মৎস্য বিভাগ, পল্লী বিদ্যুৎ, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তর ‘মিট দ্য প্রেস’ আয়োজন করবে।
তিনি বলেন, এর মাধ্যমে সাংবাদিকরা জনগণের কাছে এসব প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করার দায়িত্ব পালন করতে পারবেন। আমাদের যতটুকু সামর্থ্য আছে, তা সঠিকভাবে কাজে লাগাতে পারলে আমরা অনেক কিছুই করতে পারব বলে বিশ্বাস করি।
উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের আয়োজনে পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ ও সদস্য সচিব সফিকুর রহমান শরীফ স্বপন প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

