স্বাস্থ্য খাতে রাজনৈতিক প্রভাবমুক্ত সেবা নিশ্চিতের আহ্বান এমপি সান্টুর

উপজেলা প্রতিনিধি, উজিরপুর (বরিশাল)

স্বাস্থ্য খাতে রাজনৈতিক প্রভাবমুক্ত সেবা নিশ্চিতের আহ্বান এমপি সান্টুর

স্বাস্থ্য শিক্ষা ও সেবা খাতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু। তিনি বলেছেন, হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে সব শ্রেণি-পেশা ও মতের মানুষ সেবা নিতে আসেন। তাই সরকারি সেবা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করবেন না; বরং সরকারের নির্দেশনা অনুযায়ী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে জনগণের সেবা নিশ্চিত করবেন।

মঙ্গলবার উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন একটি অত্যাধুনিক জেনারেটর উদ্বোধন এবং জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ ও পরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, কোনো প্রতিষ্ঠানে গিয়ে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে বাড়তি বা বিশেষ সুবিধা নেওয়ার চেষ্টা করা যাবে না। একই সঙ্গে এ ধরনের অন্যায্য তদবির বা সুবিধা না দেওয়ার জন্য উপস্থিত সরকারি কর্মকর্তাদেরও নির্দেশনা দেন তিনি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম মাইদুল ইসলামের সভাপতিত্বে এবং আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ও অর্থোপেডিক্স সার্জন ডা. নাজমুস সাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা, উজিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এস এম আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান, সহসভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন ও মো. জামাল হোসেন তালুকদার এবং যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার সিদ্দিকুর রহমান।

এ ছাড়া পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান টুলু, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল হাওলাদার, উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম সামসুদ্দোহা আজাদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১১টায় উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও কৃষি কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী শিশুদের মধ্যে কিডস সামগ্রী ও খাদ্যসামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য। একই সঙ্গে স্থানীয় কৃষকদের মাঝে উন্নত জাতের নারিকেলের চারাও বিতরণ করা হয়।

পরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও আরএমও জানান, আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার ১২৬টি অস্থায়ী ও একটি স্থায়ী কেন্দ্রের মাধ্যমে ২৮ হাজার ৮০০-এর বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের (এক লাখ আইইউ) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের (দুই লাখ আইইউ) ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে। কর্মসূচি সফল করতে অভিভাবক ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন