পটুয়াখালীর কুয়াকাটায় দেশ রূপান্তরের প্রতিনিধি কে এম বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে হামলা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন—কুয়াকাটা পৌর যুবদলের সহসাধারণ সম্পাদক শহিদ সিকদার ও ৮ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের সহসভাপতি নাসির হাওলাদার।
মঙ্গলবার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার রাতে কুয়াকাটা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কুয়াকাটা হোটেল সৈকতের সামনে সমুদ্রসৈকত এলাকায় সাংবাদিক কে এম বাচ্চুর ওপর অতর্কিত হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, কুয়াকাটা পৌর ছাত্রদলের ৮ নম্বর ওয়ার্ড সভাপতি বায়েজিদ রানা, পৌর যুবদলের সহসাধারণ সম্পাদক শহিদ সিকদার, ধর্মবিষয়ক সম্পাদক হারুন মুসল্লি, ৮ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের সহসভাপতি নাসির হাওলাদারসহ কয়েকজন তাকে হাতুড়ি দিয়ে মাথা ও দুই পায়ে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
আহত সাংবাদিকের পরিবারের দাবি, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি কুয়াকাটায় এক তরুণীকে জোরপূর্বক একটি হোটেল কক্ষে নিয়ে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে প্রকাশিত একটি সংবাদের জের ধরে এ হামলার ঘটনা ঘটে। এ ছাড়া অভিযুক্তদের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশ করায় তারা ক্ষুব্ধ ছিলেন। এর আগে বিভিন্ন সময় তারা সাংবাদিক কে এম বাচ্চুকে হুমকিও দিয়েছিলেন বলে পরিবারের অভিযোগ।
মহিপুর থানার ওসি শামীম হাওলাদার বলেন, মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

