বরিশাল-ঢাকা মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ, ভোলার গ্যাস বরিশালে এনে শিল্পকারখানা স্থাপন, বরিশাল-ভোলা সেতু নির্মাণ এবং বরিশালে রেললাইন স্থাপনের দাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে নির্দিষ্ট কোনো সময়সীমার আশ্বাস পায়নি বরিশালবাসী। তবে পর্যায়ক্রমে এসব দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন তিনি।
সোমবার বিকেল ৪টায় বরিশাল শিল্পকলা একাডেমিতে জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সভায় বিএনপি নেতাদের উন্নয়ন দাবির জবাবে তিনি বলেন, ঘোষণার মাধ্যমে নয়, বাস্তব কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চান।
সভায় সভাপতিত্ব করেন বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক হুইপ মজিবর রহমান সরোয়ার।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দলের ঐক্য ধরে রাখতে হবে। নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করা এবং সরকারের কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হবে।
তিনি আরও বলেন, দলে যেন কোনো হাইব্রিড ও অনুপ্রবেশকারী প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। ত্যাগী নেতাকর্মীরাই দলের শক্তি, তাদের মূল্যায়ন করতে হবে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলের মধ্যে বিভাজন তৈরি না হয়, সেদিকে স্থানীয় নেতাদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বিভাগীয় সাংগঠনিক সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপন, জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, বরিশাল-৪ আসনের সংসদ সদস্য ও নৌ-প্রতিমন্ত্রী রাজিব আহসান, বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, বরিশাল-৬ আসনের সংসদ সদস্য ও বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান, বরিশাল-২ আসনের সংসদ সদস্য এস সরফুদ্দীন আহম্মেদ সান্টু, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্যসচিব জিয়া উদ্দীন সিকদার, জেলা বিএনপির সদস্যসচিব আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাছরিনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টায় সাংগঠনিক সভা শেষ হলে প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথেই বরিশাল ত্যাগ করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

