বরিশাল সেক্টরে নিয়মিত বিমান ফ্লাইট চালুর দাবি জানিয়েছে বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটি। এ বিষয়ে বুধবার জেলা প্রশাসকের মাধ্যমে বিমান ও পর্যটনমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক মামুন খন্দকার বলেন, বিষয়টির গুরুত্ব বিবেচনায় দ্রুতই মন্ত্রীর কাছে পাঠানো হবে। এ সময় বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন, সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান, সহসভাপতি সাংবাদিক নাছিম উল আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে নেতারা বলেন, বরিশাল বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হয় ১৯৭৯ সালে। ১৯৯৯ সালে বিমানবন্দরটির নির্মাণকাজ শুরু হয় এবং পরবর্তী সময়ে বরিশাল সেক্টরে জাতীয় পতাকাবাহী বিমানের আনুষ্ঠানিক ফ্লাইট চালু হয়। সংগঠনটির দাবি, ২০২১ সালের ২৬ মার্চ থেকে বরিশাল সেক্টরে নতুন উড়োজাহাজ দিয়ে নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু হলেও পরে ফ্লাইট সংখ্যা কমতে থাকে। এতে বরিশালসহ আশপাশের এলাকার যাত্রীদের ভোগান্তি বেড়েছে। আবেদনে আরো উল্লেখ করা হয়, বর্তমানে ঢাকা-বরিশাল-ঢাকা আকাশপথে বৃহস্পতি, শুক্র ও রোববার তিনটি ফ্লাইট পরিচালিত হচ্ছে। তবে আগামী ২৫ অক্টোবর থেকে ফ্লাইট সংখ্যা কমিয়ে দুটিতে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। এ সিদ্ধান্তকে দুঃখজনক উল্লেখ করে বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ পরিষদ এর প্রতিবাদ জানিয়েছে। পাশাপাশি বরিশাল সেক্টরে সপ্তাহে সাত দিন নিয়মিত ফ্লাইট পরিচালনার দাবি জানানো হয়।
কমিটির পক্ষ থেকে বলা হয়, যশোর-বরিশাল-চট্টগ্রাম রুট পুনরায় চালু করা হলে দেশের তিনটি বিভাগীয় অঞ্চলের মধ্যে দ্রুত যোগাযোগ স্থাপনের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে। বিশেষ করে বরিশালকে চট্টগ্রাম ও যশোরের সঙ্গে সরাসরি আকাশপথে যুক্ত করা হলে দক্ষিণাঞ্চলের মানুষের সময় ও অর্থ সাশ্রয় হবে।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন জানান, নিয়মিত বিমান যোগাযোগব্যবস্থা চালু হলে বিভাগের মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতও উপকৃত হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

