তীব্র যানজটে আটকা পড়ে অ্যাম্বুলেন্সে থাকা এক রোগীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরের দিকে ঢাকা কলেরা হাসপাতাল গেট সংলগ্ন এলাকায় তার মৃত্যু হয়।
মৃত আব্দুর রব সরদার (৬৭) বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিনি বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের পূর্ব বেজহার গ্রামের বাসিন্দা।
নিহতের ছেলে রুবেল সরদার জানান, গত বৃহস্পতিবার তার বাবা ডায়রিয়ায় আক্রান্ত হলে তাকে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল শনিবার সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। সকাল সাড়ে ৯টার দিকে গৌরনদী উপজেলা হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে মহাখালী কলেরা হাসপাতালের উদ্দেশে রওনা দিই।
তিনি আরো বলেন, ঢাকায় প্রবেশের পর মহাখালী যাওয়ার পথে কয়েক জায়গায় প্রায় দেড় ঘণ্টা যানজটে আটকে থাকতে হয়। দুপুর দেড়টার দিকে কলেরা হাসপাতাল গেটে পৌঁছালে অ্যাম্বুলেন্সেই বাবা মারা যান।
গৌরনদী উপজেলা হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ টিপু সুলতান বলেন, হাসপাতালে ভর্তির সময় ওই রোগীর অবস্থা খারাপ ছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে পথেই তিনি মারা যান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

