পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বিএনপির মিছিলে ‘ছাত্রলীগের অ্যাকশন-ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত ওই বিক্ষোভ মিছিলে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভাইরাল ভিডিও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে’ শীর্ষক কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমখোলা ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটিতে একপর্যায়ে ‘ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন—যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দিতে শোনা যায়।
এ সময় মিছিলে থাকা নেতাকর্মীদের মধ্যে বিস্ময়ের সৃষ্টি হয়। তবে স্লোগানটি কেন এবং কীভাবে দেওয়া হলো, তা নিয়ে তাৎক্ষণিকভাবে নানা গুঞ্জন শুরু হয়।
এ বিষয়ে গলাচিপা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ বলেন, ‘ভুলবশত হঠাৎ করে মুখ ফসকে আমাদের দলের নাম বলতে গিয়ে অন্য দলের নাম চলে এসেছে। এটি একেবারেই অনাকাঙ্ক্ষিত। এ জন্য আমি অনুতপ্ত। ভবিষ্যতে এমন ভুল আর হবে না।’
আমখোলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. সিদ্দিক গাজী বলেন, ‘আমরা আমাদের দলীয় কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করছিলাম। সেখানে অন্য দলের লোকজন আসার কোনো সুযোগ নেই। হয়তো ভুলবশত মুখ ফসকে এমনটি হয়ে থাকতে পারে।’
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ ঘটনাটিকে নিছক ভুল হিসেবে দেখছেন, আবার অনেকেই এ নিয়ে নানা প্রশ্ন তুলছেন।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

