পরিবেশদূষণ রোধ, জৈব বর্জ্যের টেকসই ব্যবস্থাপনা এবং বর্জ্যকে সম্পদে রূপান্তরের লক্ষ্যে ভোলার তিন উপজেলায় একটি উদ্যোগ বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ)।
গবাদিপশুর গোবর ব্যবহার করে বাণিজ্যিকভাবে জৈবসার ও বায়োগ্যাস উৎপাদনের মাধ্যমে জেলায় একটি উৎপাদনব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। বিশ্বব্যাংকের অর্থায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় এফডিএ পরিচালিত ‘সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন’ (স্মার্ট) প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটির কৌশল হিসেবে গবাদিপশুর বর্জ্য ব্যবস্থাপনায় সম্পদ-সাশ্রয়ী ও পরিবেশবান্ধব উৎপাদনপদ্ধতি বা ‘রিসোর্স এফিশিয়েন্ট অ্যান্ড ক্লিনার প্রোডাকশন’ (আরইসিপি) চর্চাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
ভোলার চরফ্যাশন, লালমোহন ও বোরহানউদ্দিন—এই তিন উপজেলার এক হাজার উদ্যোক্তাকে প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে। গ্রামীণ অর্থনীতিতে গতি আনা ও পরিবেশদূষণ কমানোর পাশাপাশি কৃষিতে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈবসারের ব্যবহার বাড়ানো এবং বিকল্প জ্বালানির সুযোগ সৃষ্টি করাই এ উদ্যোগের লক্ষ্য।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, বর্তমানে মাঠপর্যায়ে ২০ জন উদ্যোক্তার মাধ্যমে প্রতি মাসে গড়ে ২৫ থেকে ৩০ টন জৈবসার উৎপাদিত হচ্ছে। উৎপাদিত জৈবসার স্থানীয় কৃষকদের চাহিদা পূরণে ভূমিকা রাখছে। রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি মাটির গুণাগুণ ভালো রাখায় স্থানীয় কৃষক ও খামারিদের মধ্যে এ সারের চাহিদা বাড়ছে। বিশেষ করে সবজি ও তরমুজ চাষিদের কাছে এ সার জনপ্রিয় হয়ে উঠেছে। খামারিদের মধ্যে বাণিজ্যিকভাবে ট্রাইকো কম্পোস্ট ও ভার্মি কম্পোস্ট (কেঁচো সার) উৎপাদনেও আগ্রহ দেখা যাচ্ছে।
জৈবসার উৎপাদনের পাশাপাশি গবাদিপশুর বর্জ্য কাজে লাগিয়ে বিকল্প জ্বালানি উৎপাদনেও অগ্রগতি হয়েছে। প্রকল্পের আওতায় ইতিমধ্যে ১২ জন খামারি বা উদ্যোক্তা বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করেছেন। এসব প্ল্যান্ট থেকে প্রতি মাসে (৩০ দিনে) প্রায় ৯০ ঘনমিটার গ্যাস উৎপাদিত হচ্ছে। উৎপাদিত গ্যাস পাইপলাইনের মাধ্যমে স্থানীয় প্রায় ৫০টি পরিবারের রান্নার ও জ্বালানির চাহিদা পূরণ করছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, বর্জ্যকে সম্পদে রূপান্তরের এই উদ্যোগ ভোলার গ্রামীণ অর্থনীতিতে কর্মসংস্থান সৃষ্টি করছে এবং খামারিদের বাড়তি আয়ের সুযোগ তৈরি করেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


