বাকেরগঞ্জ-বরগুনা সড়ক খানাখন্দে ভরা

বাকেরগঞ্জ-বরগুনা সড়ক খানাখন্দে ভরা
ফাইল ছবি

পটুয়াখালীর মির্জাগঞ্জে বাকেরগঞ্জ-বরগুনা প্রায় ৩০০ ফুট সড়কের পিচ-খোয়া উঠে খানাখন্দে পরিণত হয়েছে। এতে এই আঞ্চলিক সড়কের সুবিদখালী সরকারি কলেজ সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় দুর্ভোগের শিকার হচ্ছেন মানুষ ।

বরগুনা সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, বাকেরগঞ্জ ও বরগুনা একটি আঞ্চলিক সড়ক। সড়কটির মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী কলেজ রোড এলাকায় প্রায় ৩০০ ফুট সড়কের কার্পেটিং উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে। গত জুন মাসে সড়কের ভাঙা অংশ সংস্কার করা হয়েছে। এতে ব্যয়ের পরিমাণ ছিল প্রায় ৪ লাখ ৯৯ হাজার টাকা। অতি বৃষ্টির কারণে পানি জমে বর্তমানে এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, তিন মাস আগে সড়কের এ ভাঙা অংশ সংস্কার করা হয়। অল্প কয়েকদিন যেতে না যেতেই আবার খানাখন্দে পরিণত হয়েছে। ওই সময় কাজে ব্যাপক অনিয়ম হয়েছে। গভীর রাতে ঠিকাদার কাজটি করেন। তখন নিম্নমানের পাথরের খোয়া ব্যবহার করার অভিযোগ রয়েছে। কাদা ও পানির ওপর পিচঢালাই এবং সিলকোড দেওয়া হয়েছে। কয়েকদিন পরই গাড়ির চাকার সঙ্গে ঢালাই ওঠে গেছে।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, সড়কটির কোথাও বড় বড় গর্ত। কোথাও ছোট গর্ত। পিচ-খোয়া উঠে গিয়ে পাকা সড়ক কাঁচা সড়কে রূপ নিয়েছে। সড়কের বড় বড় গর্তের অংশে জমে রয়েছে বৃষ্টির পানি। পথচারীরা হাঁটতে পারছে না। সুবিদখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাব্বির হোসেন ফরাজী বলেন, কলেজের সামনে সড়কটির বেহাল দশা। শিক্ষার্থীদের ক্লাসে আসতে চরম ভোগান্তিতে পড়তে হয়। সড়কের ভাঙা অংশ দ্রুত মেরামত করা প্রয়োজন।

সড়কের পাশে থাকা সাওদা ফার্মেসির মালিক সুলতান আহমেদ জানান, রাস্তার পিচ-খোয়া উঠে এমন অবস্থা হয়েছে যে, এটা পাকা রাস্তা না কাঁচা রাস্তা, বোঝার উপায় নেই। বর্ষার সময় কাদাপানিতে একাকার হয়ে থাকে।

মির্জাগঞ্জ উপজেলা রেড ক্রিসেন্ট সোসাইটির দলনেতা ও বাস কাউন্টারের মালিক জিএম রাব্বি মল্লিক বলেন, কাউন্টারের পাশে ৩০০ ফুট সড়কের বেহাল দশা। এ যেন দেখার মতো কেউ নেই। এর আগে ভাঙা অংশ রাতের আঁধারে যেনতেনভাবে সংস্কার করা হয়েছে। অল্পদিনের মধ্যেই তা উঠে গিয়ে আবার খানাখন্দে পরিণত হয়েছে।

সড়কে খানাখন্দের বিষয়টি স্বীকার করে বরগুনা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান আমার দেশকে বলেন, দু’একদিনের মধ্যেই ভাঙা অংশে ইট দিয়ে চলাচলের উপযোগী করে দেওয়া হবে। বৃষ্টি কমলে ব্লক ইটের মাধ্যমে সংস্কার করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন